সম্পূর্ণ প্রস্তুত থাকার পরও চালু হচ্ছে না আইসিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে অত্যাধুনিক আইসিইউ সেবা খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে অপেক্ষা করছে তা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। শুধু দক্ষ কর্মী ও চিকিৎসকের অভাবে চালু হয়নি এখনো। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
যে অত্যাধুনিক আইসিইউ সেবা খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে অপেক্ষা করছে তা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। শুধু দক্ষ কর্মী ও চিকিৎসকের অভাবে চালু হয়নি এখনো। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

অবকাঠামো আছে। সব ধরনের আধুনিক প্রযুক্তিও আছে। তারপরও চালু হচ্ছে না খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ)। ১০ শয্যাবিশিষ্ট ইউনিটটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পড়ে আছে ছয় মাসের বেশি সময়। ব্যবহৃত না হওয়ায় নষ্ট হতে চলেছে এর যন্ত্রপাতি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক না থাকায় আইসিইউটি চালু করা সম্ভব হচ্ছে না। কারণ, ওই ইউনিট চালু করতে কমপক্ষে ১৫ জন চিকিৎসক প্রয়োজন। আইসিইউ চালু না হওয়ায় হতাশ-ক্ষুব্ধ এ অঞ্চলের মানুষ। নাগরিক ফোরাম খুলনার চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের পর সরকার খুলনায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করেছে। কিন্তু চিকিৎসকের অভাবে হাসপাতালটির আইসিইউ চালু হতে পারছে না, এটা দুঃখজনক। খুলনাবাসীর জন্য লজ্জারও। তিনি হাসপাতালটিতে দ্রুত প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
হাসপাতাল সূত্র জানায়, এখানে ৪১টি কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার বা সমমানের পদ রয়েছে। কিন্তু এসব পদের মধ্যে শূন্য রয়েছে ১৮টি। ফলে একদিকে যেমন চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি জনবলের অভাবে আইসিইউর মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু করা যাচ্ছে না।
২৫০ শয্যার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটি ২০১০ সালের ৩০ মার্চ মাত্র ৩০টি শয্যা নিয়ে কার্যক্রম শুরু করে। শুরুতে চালু ছিল কার্ডিওলজি ও কিডনি বিভাগ। বর্তমানে রয়েছে সাতটি বিভাগ। আর শয্যাসংখ্যা ১৫১টি।
সম্প্রতি হাসপাতালের আইসিইউ বিভাগে গিয়ে দেখা যায়, প্রায় তিন হাজার বর্গফুটের একটি ঘর। ঘরটির উত্তর ও দক্ষিণ পাশে রাখা ৫টি করে ১০টি শয্যা। আধুনিক এ শয্যার পাশে দেয়ালের সঙ্গে লাগানো ছোট ছোট মনিটর ও অন্যান্য যন্ত্রপাতি। রয়েছে চারটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র। ঘরটিতে ঢোকার মুখেই রয়েছে একটি কাউন্টার। এটি চিকিৎসকদের বসার ও রোগীদের মনিটরিং করার স্থান। সেখানে রয়েছে কয়েকটি কম্পিউটার। ব্যবহৃত না হওয়ায় তাতে জমেছে ধুলা। অন্যান্য যন্ত্রপাতিতেও ধুলার আস্তরণ দেখা গেছে। ওই কক্ষের পাশেই অন্য আরেকটি কক্ষ প্রস্তুত অবস্থায় রয়েছে পোস্ট আইসিইউয়ের জন্য।
জানতে চাইলে হাসপাতালের যন্ত্রপাতি তত্ত্বাবধায়ক এস এম সাকিব হাসান বলেন, এমন আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ আইসিইউ দেশের কম হাসপাতালেই আছে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
হাসপাতালের পরিচালক বিধান চন্দ্র গোস্বামী বলেন, এখানে যে ধরনের আইসিইউ স্থাপন করা হয়েছে, তা দক্ষিণবঙ্গে আর কোথাও নেই। সব প্রস্তুত থাকার পরও ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না শুধু চিকিৎসকের অভাবে। ইউনিটটি চালু করতে তিনজন অ্যানেসথেটিস্টসহ কমপক্ষে ১৫ জন অতিরিক্ত মেডিকেল অফিসার প্রয়োজন। চিকিৎসকের সংকট দূর করতে মন্ত্রণালয়কেও বহুবার চিঠি দেওয়া হয়েছে। কয়েক মাস আগে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শনেও আসে। সর্বশেষ অবস্থাও তাদের জানানো হয়েছে। কিন্তু কোনো ফল নেই।
বিধান চন্দ্র দাবি করেন, গত বছর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি কিডনি ডায়ালাইসিস করা হয়েছে এই হাসপাতালে। জনবলের সংকট সমাধান ও শয্যাসংখ্যা বাড়ানো হলে হাসপাতালটি থেকে মানুষকে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।