সম্প্রচার আইনের খসড়ায় জেল-জরিমানার প্রস্তাব
জাতীয় সম্প্রচার আইনের বিধিবিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। এরপরও সম্প্রচার আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার সুযোগ থাকছে।
জেল-জরিমানার এই বিধান রেখে জাতীয় সম্প্রচার আইনের খসড়া প্রস্তুত করেছে তথ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া সম্প্রচারমাধ্যম পরিচালনা করলে জরিমানা সর্বোচ্চ ১০ কোটি টাকা।
বাক্স্বাধীনতা ও তথ্য অধিকার নিয়ে কাজ করা আর্টিকেল ১৯ ওই খসড়া আইনের বিভিন্ন বিষয়ের সঙ্গে একমত হলেও সংগঠনটি জেল-জরিমানা সমর্থন করে না। সম্প্রচার আইন লঙ্ঘনকে ফৌজদারি অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান রাখার পক্ষে-বিপক্ষে মত রয়েছে।
ওই আইনের খসড়ার ওপর মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। খুব শিগগির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জেল-জরিমানার বিধান রাখা প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, খসড়াটি তিনি ভালোভাবে দেখেননি। তবে কমিটি যেটাই প্রস্তাব করুক না কেন, এটা উন্মুক্ত করে দেওয়া হবে। এর ওপর অংশীজন ছাড়াও সংশ্লিষ্ট সবাই মতামত দেবেন। এসব মতামত সমন্বয় করে খসড়া চূড়ান্ত হবে।
২০১৪ সালের ৬ আগস্ট জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশিত হয়। এরপর গণমাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিকনির্দেশনামূলক ওই নীতিমালায় জাতীয় সম্প্রচার কমিশন করার কথা ছিল। সেই কমিশন গঠনের জন্য আইনের খসড়া প্রণয়নে ৪০ সদস্যের কমিটি গঠন করে তথ্য মন্ত্রণালয়। এই কমিটি খসড়াটি প্রণয়ন করেছে।
সম্প্রচার নীতিমালায় কমিশন প্রসঙ্গে বলা আছে, সম্প্রচার প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান, সংবাদ বা বিজ্ঞাপন কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুণ্ন করলে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করতে পারবে। এই অভিযোগ প্রমাণিত হলে সরকার আইন বা বিধির মাধ্যমে নির্ধারিত শাস্তি নিশ্চিত করবে।
আইনটির খসড়া তৈরিতে মূল ভূমিকা পালন করেন আইনজীবী তানজীব উল আলম। প্রথম আলোকে তিনি বলেন, বিভিন্ন দেশের সম্প্রচার আইন পর্যালোচনা করে এ বিষয়ে আন্তর্জাতিক প্রবণতা ও আইনকানুন বিশ্লেষণ করে এবং সংবিধান মাথায় রেখে খসড়াটি তৈরি করা হয়েছে। খসড়া তৈরিতে সরকারের পক্ষ থেকে কেউ কোনো পরামর্শ বা নির্দেশনা দেননি।
তানজীব উল আলম বলেন, নিয়ন্ত্রণকারীর (রেগুলেটর) কাজ হচ্ছে সীমাবদ্ধতা আরোপ করা। তবে রেগুলেটরি আইন করার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা থাকে। সবকিছুর পরও বাস্তবতা হচ্ছে, সরকারের আদেশ অমান্য করলে শাস্তির ব্যবস্থা থাকতে হবে। সংবিধান অনুযায়ী জেল ও জরিমানার মাধ্যমে ওই শাস্তি আরোপ করা হয়েছে। তাঁর মতে, শুধু জরিমানা করে অনেক সময় অপরাধীকে নিবৃত্ত করা যায় না। কারণ, জরিমানা দিয়ে অন্যায় করাটা লাভজনক হতে পারে। আবার জেল দিয়েও অপরাধ ঠেকানো যায় না। কেউ পাঁচ কোটি টাকা চুরি করে দুই বছর জেল খাটলে সেটি যথেষ্ট নয়। এসব বিষয় বিবেচনা করে আইনে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
গণমাধ্যমের জন্য জেল-জরিমানা আরোপের যৌক্তিকতা প্রসঙ্গে তানজীব বলেন, ‘আমাদের বিবেচনায় এটা ঠিক আছে। কিন্তু আইন তো প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা এটা প্রয়োগ করবেন। প্রয়োগের পর্যায়ে অপপ্রয়োগের সুযোগ থাকলেও থাকতে পারে। এটা সব আইনে থাকে।’
তবে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় এই আইন অপপ্রয়োগের সুযোগই বেশি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আদালত অবমাননা, মানহানির বিষয়গুলো গণমাধ্যম কর্তৃপক্ষ মেনে চলে। তা ছাড়া লাইসেন্স নেওয়ার সময়ও এসব বিষয়ে গণমাধ্যম কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকার করতে হয়। তাই নতুন করে তার জন্য জেল-জরিমানার দরকার আছে বলে মনে করেন না তাঁরা।
জানতে চাইলে আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমান প্রথম আলোকে বলেন, ‘আইনে নানা বিষয়ে বিধিনিষেধ থাকতে পারে। কিন্তু আমরা জেল-জরিমানা সমর্থন করি না। কারণ, এ ধরনের শাস্তি খুব সাবধানতার সঙ্গে প্রয়োগ করতে হয়।’ তাঁর মতে, সম্প্রচার কমিশন সমন জারি করতে পারে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্সও বাতিল হতে পারে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতার স্বার্থে ফৌজদারি শাস্তি আরোপ করা ঠিক হবে না।
খসড়া কমিটির সদস্য তাহমিনা রহমান বলেন, খসড়া আইনটি নিয়ে তাড়াহুড়া করা হয়নি, দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি কাজ করেছে। ওয়েবসাইটে দেওয়া হলে বোঝা যাবে, এটা কতটা গ্রহণযোগ্য।
আইনের খসড়ায় বলা আছে, বলবৎ অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, এই আইনের বিধান কার্যকর হবে। আইনটি বলবৎ হওয়ার পর অবিলম্বে সম্প্রচার কমিশন গঠন করতে হবে। কমিশনে একজন নারীসহ পাঁচজন কমিশনার থাকবেন। রাষ্ট্রপতি কমিশনারদের একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন।
আইনে সম্প্রচারের জন্য ২৫ ধরনের কার্যক্রম চিহ্নিত করা হয়েছে এবং এসব কার্যক্রম লাইসেন্স ছাড়া পরিচালনা করা হলে জেল-জরিমানা দেওয়ার কথা বলা আছে। এসব কার্যক্রমের মধ্যে আছে মূল্যে বা বিনা মূল্যে দেশব্যাপী, স্থানভিত্তিক ও আন্তর্জাতিক টেলিভিশন সম্প্রচার, দেশে-বিদেশে বা অঞ্চলে বেতার সম্প্রচার কার্যক্রম, অডিও-ভিডিও বার্তা সম্প্রচার কার্যক্রম, সম্প্রচার উপাত্ত, আইপি সম্প্রচার, কেব্ল অপারেটর সম্প্রচার, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বেতার ও টেলিভিশন সম্প্রচার, টেরেস্ট্রিয়াল সম্প্রচার প্রভৃতি।
জেল-জরিমানা প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও খসড়া কমিটির সদস্য ইকবাল সোবহান চৌধুরী বলেন, এটি এখন পর্যন্ত খসড়া। এটা নিয়ে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত হবে জেল-জরিমানা থাকবে কি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি মনে করেছে জেল-জরিমানার প্রয়োজন আছে। এটা নিয়ে আরও পর্যালোচনা হবে।
তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এই সম্প্রচার আইনের বিষয়ে ততটা আগ্রহী নয়। অথচ এই আইনে লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে মূলত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রচারমাধ্যম বিশেষজ্ঞ ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, এটা সত্য যে অ্যাটকো আরও কার্যকর ভূমিকা রাখতে পারত। তবে সেই সুযোগ এখনো আছে। তিনি বলেন, একটি ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম মালিকের জেল-জরিমানা হতে পারে। কিন্তু চূড়ান্ত বিচারে ওই খবরটি যদি সত্য হয়, তখনকার পরিস্থিতি ভেবে দেখা দরকার। অ্যাটকোর সাধারণ সম্পাদক হলেও এটা তাঁর ব্যক্তিগত মত বলে জানান তিনি।
খসড়া কমিটির সদস্য শাইখ সিরাজ বলেন, অনেক চড়াই-উতরাই পার হয়ে গণমাধ্যম আজকের পর্যায়ে এসেছে। গণমাধ্যমের স্বাধীনতা যাতে স্বেচ্ছাচারিতায় পরিণত না হয়, সেটি দেখা যেমন সংশ্লিষ্ট সবার দায়িত্ব, তেমনি গণমাধ্যমের স্বাধীনতা লালন বা এর বিকাশে সহায়তা অব্যাহত রাখা সরকারের দায়িত্ব।
যোগাযোগ করা হলে ইংরেজি দৈনিক নিউজ টুডে-র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, জেল-জরিমানার বিধান করে আইন করলে সেটি খারাপ আইন হবে এবং এর অপপ্রয়োগের ঝুঁকি থাকবে। তাই স্বাভাবিক আইনে যা আছে, তার বাইরে যাওয়া উচিত নয়। এর বাইরে গেলে গণমাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হবে এবং তা কার্যত কালাকানুনে পরিণত হবে। গণমাধ্যমের পুরো বিষয়টি প্রেস কাউন্সিলের আওতায় এনে কাউন্সিলকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।