সম্প্রচার কমিশনের আগে প্রশাসনিক পদক্ষেপ নয়

‘সম্প্রচার কমিশন গঠন ও আইন প্রণয়নের আগ পর্যন্ত সম্প্রচার নীতিমালার ভিত্তিতে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই তথ্য মন্ত্রণালয়ের। এটি একটি নির্দেশনামূলক নীতিমালা।’
আজ মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কপিরাইট ও আইপি ফোরাম, ঢাকা ট্রিবিউন ও বাংলাদেশ ট্রিবিউন’ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, এ নীতিমালার যেসব শব্দ নিয়ে বিভ্রান্তি রয়েছে, সেগুলো নিয়ে আশঙ্কার কিছু নেই। সবকিছু বিবেচনা করেই আইন তৈরি করা হয়। সব অংশীজনকে নিয়েই আইন করা হবে।
ছোটখাটো সব বিভ্রান্তিই নিষ্পত্তিযোগ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, নীতিমালার যেসব বিষয়ে এখনো ভুল বোঝাবুঝি আছে, তা আর থাকবে না।
নীতিমালা বাতিল করা নিয়ে বিএনপির দাবির কথা উল্লেখ করে ইনু বলেন, ‘শুধু রাস্তায় দাঁড়িয়ে সমালোচনা না করে সুনির্দিষ্ট প্রস্তাব দিন।’
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিজেএফইউ) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সম্প্রচার নীতিমালা নিয়ে মন্ত্রীর গতকালের সংবাদ সম্মেলনের পর আর আলোচনার সুযোগ নেই। যেসব ব্যাপারে উদ্বেগ রয়েছে, তা অচিরেই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর, সামিয়া জামান প্রমুখ।