জাতীয় সম্প্রচার নীতিমালা তথ্য অধিকার আইন, সংবিধান, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। এ নীতি একুশ শতকের উপযোগী নয়। তাই নিবর্তনমূলক এ নীতি গ্রহণযোগ্য নয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে এসব কথা বলা হয়। সম্মেলনে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরেন টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম। পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি কিছু সুপারিশও তুলে ধরা হয়।
নীতিমালা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে মন্তব্য করে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘নীতিমালার শর্তগুলোর মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণমূলক অবস্থা তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। নীতিমালার শর্তগুলোতে ‘অস্পষ্টতার’ কারণে সবাইকে ঝুঁকির মধ্যে রেখে দেওয়া ‘বিপজ্জনক’ বলেও মন্তব্য করেন তিনি।
সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে নীতিমালায় উল্লেখ করা ধারা প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, তথ্য অধিকার আইনে বিশেষ বাহিনীর বিষয়ে কোনো তথ্য জানার সুযোগ রাখা হয়নি। আর সম্প্রচার নীতিমালায় জুড়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাঁর মতে, বিশেষ বাহিনীগুলোকে আইনের ঊর্ধ্বে রাখলে বিচারহীনতার সংস্কৃতি চালু হবে। তখন তারা দুর্নীতি, অনিয়মসহ নানা অপরাধে জড়িয়ে পড়বে। এ নীতিমালা কার্যকর হলে এসব প্রতিষ্ঠানের ওপর আস্থাহীনতা আরও বেড়ে যাবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।
সম্প্রচার মাধ্যমে ‘দেশবিরোধী’ কোনো কথা বলা যাবে না—এমন একটি ধারা তুলে ধরে টিআইবির চেয়ারপারসন বলেন, এ দেশের সরকারগুলো দেশ, সরকার ও রাষ্ট্রকে একসঙ্গে গুলিয়ে ফেলে। তারা মনে করে, সরকারের বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা।
৪ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ অনুমোদনের পর এর অনেকগুলো ধারা নিয়ে সমালোচনা-প্রতিবাদ হচ্ছে। এ প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন ও বিভিন্ন আলোচনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নানা আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘আমরা আস্থা রাখতে চাই। কিন্তু আস্থার ব্যাপারটা পারস্পরিক। কিন্তু যে অবস্থা দেখছি তাতে কোন কথার ওপর আস্থা রাখব?’ এ প্রসঙ্গে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার নিয়ে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কথাটি তুলে ধরেন তিনি।
নীতিমালার ইতিবাচক দিকগুলোকে স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ নীতিমালা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। যেসব নীতি নিয়ে ঝুঁকি রয়েছে, সেগুলোকে অবশ্যই সংশোধন করতে হবে। ‘সরকারি কর্মকর্তাদের মানহানি হয় এমন কিছু প্রদর্শন করা যাবে না’—নীতিমালার এ ধারাটির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘তার মানে কি যাঁরা দুর্নীতি করবেন তাঁদের বিরুদ্ধে কিছু করা যাবে না? এর মানে তো গণমাধ্যমের স্বাধীনতাই আর রইল না।’ নীতিমালার বাস্তবায়নে স্বচ্ছ কমিশন করার ওপরও গুরুত্ব দেন টিআইবির নির্বাহী পরিচালক।
টিআইবি সম্প্রচার কমিশনকে প্রশাসনিক, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে মুক্ত রাখতে প্রশাসনের বা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানের সদস্য, রাজনৈতিক দলের কর্মকর্তা বা কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যাঁর অবসর গ্রহণের পর কমপক্ষে তিন বছর পার হয়নি, এমন ব্যক্তি যাঁর স্বার্থের দ্বন্দ্বের সুযোগ রয়েছে; তাঁদের কমিশনের সদস্য না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে অপসারণের বিধান রাখার কথা বলেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে ছয়টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে দ্রুত স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর সম্প্রচার কমিশন গঠন, সম্প্রচারসংক্রান্ত আইন প্রণয়নে অংশীজনদের পরামর্শ নেওয়া; কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠনে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ বন্ধ করা, সম্প্রচার মাধ্যমের লাইসেন্স দেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এ-সংক্রান্ত নীতিমালার বিষয়গুলোকে পুনর্বিবেচনা; সম্প্রচার খাতের সঙ্গে সংযুক্ত নেতৃত্ব এবং কর্মীদের স্বনিয়ন্ত্রণব্যবস্থা উদ্ভাবনে নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি আচরণবিধি প্রণয়ন করে এর তদারকির ভার সম্প্রচার খাতের পেশাজীবী সংগঠনের ওপর দেওয়া এবং বিজ্ঞাপন নীতিমালাকে সম্প্রচার নীতিমালা থেকে আলাদা করা।
তথ্যমন্ত্রীর বক্তব্য: জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে টিআইবির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, ‘টিআইবি যে সংশয় প্রকাশ করেছে, তা অমূলক। টিআইবি এ নীতিমালা তৈরিতে লিখিতভাবে অংশগ্রহণ করেছে। আমাদের খসড়ার ওপর যেসব ত্রুটি-বিচ্যুতি ছিল সেগুলো সংশোধন করেছে। সংশোধনীগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি। এখন তারা সংবাদ সম্মেলনে বলছে, এটা বাংলাদেশের মৌলিক অধিকারের বিরোধী, সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতার বিরোধী।’
এ নীতিমালার মাধ্যমে সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাইছে—এমন বক্তব্য নাকচ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এমন আশঙ্কা অমূলক। টিআইবি যখন অংশগ্রহণ করেছে, তখন তো এসব ধারা ছিল। তারা তা দেখেনি কেন? তাদের আজকের সংবাদ সম্মেলন দুঃখজনক ও তারা রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছে বলে আমার মনে হয়।’