সম্প্রচার নীতিমালা দেশকে স্বৈরশাসনের দিকে নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে গতকাল বৃহস্পতিবার বক্তারা বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালা দেশকে স্বৈরশাসন ও সহিংসতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
জাতীয় প্রেসক্লাবে ‘সম্প্রচার নীতিমালা, আইন ও সম্প্রচার কমিশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন। সম্প্রচার নীতিমালা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে তাঁরা আরও বলেছেন, নাগরিকদের কণ্ঠ রোধ ও ক্ষমতা দীর্ঘায়িত করার নীলনকশার অংশ এই নীতিমালা।
গোলটেবিলের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন জাতীয় কমিটির সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। এতে তিনি বলেন, সরকার নানা রাজনৈতিক কৌশলে ও মামলার জাল দিয়ে বিএনপিকে কোণঠাসা করে রাখতে পেরেছে। জামায়াতে ইসলামীর নেতারা যুদ্ধাপরাধের মামলায় কাবু হয়ে গেছেন। রাজনৈতিক কৌশলে জাতীয় পার্টিকেও সরকার প্রায় ভোঁতা করে দিয়েছে। সরকারের যাবতীয় কুকীর্তি নিয়ে এখন সমালোচনামুখর একমাত্র গণমাধ্যম। টেলিভিশনের সংবাদ ও টক শোতে সরকারকে প্রায় প্রতিদিন তুলাধোনা করা হচ্ছে। টিভির সংবাদ ও সমালোচকদের নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হচ্ছে জাতীয় সম্প্রচার নীতিমালা।
মুহাম্মদ জাহাঙ্গীর প্রস্তাব করেন, আইন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের নিয়ে সম্প্রচার আইন প্রণয়ন কমিটি গঠন করা হোক। এ ছাড়া জাতীয় সম্প্রচার কমিশন কীভাবে গঠন করা হতে পারে, তারও একটি প্রস্তাব প্রবন্ধে উপস্থাপন করেন।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, এ নীতিমালার কিছু ভয়ংকর দিক রয়েছে, যা গণতন্ত্র তথা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।
সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সম্প্রচার নীতিমালা সরকারের একটি রাজনৈতিক পরিকল্পনা। এর উদ্দেশ্য হলো দেশে শুধু সমর্থক, বশংবদ, স্তুতিকার ও অনুগ্রহভোগীরা থাকবে। আর কয়দিন পর হয়তো এমন নীতিমালাও সরকার করবে, তাতে সাংবাদিকদের হলুদ জামা আর কলামিস্টদের হাফ প্যান্ট পরতে হবে।’ অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, র‌্যাব–পুলিেশর নির্যাতনের খবর যদি প্রচার করা না হয়, তাহলে কী অবস্থা হবে চিন্তা করা যায়?
গোলটেবিল সঞ্চালনা করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাসহ মানবাধিকার লঙ্ঘনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ব্যাপক প্রচারের প্রেক্ষাপটে সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ বলেন, বাংলাদেশে ক্ষমতার যেভাবে ব্যবহার হচ্ছে এবং নীতি প্রণয়ন করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে দেশ কর্তৃত্ববাদী সরকারের পথে এগোচ্ছে। গোলটেবিলে আরও বক্তব্য দেন অধ্যাপক গোলাম রহমান, সাংবাদিক নাঈমুল ইসলাম খান প্রমুখ।