সম্প্রচার-নীতিমালা না থাকায় রাজনৈতিক আক্রোশের শিকার হচ্ছে গণমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি জাতীয় সম্প্রচার-নীতিমালা থাকা উচিত। গণমাধ্যম কীভাবে পরিচালিত হবে, কিসের ভিত্তিতে লাইসেন্স দেওয়া হবে, কোন ব্যক্তি মালিক হওয়ার যোগ্য হবেন—এসব বিষয় এই নীতিমালার মাধ্যমে ঠিক করতে হবে।বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন এবং ইউনেসকো ঢাকা কার্যালয় আয়োজিত ইউনেসকো-বাংলাদেশ সাংবাদিকতা পুরস্কার-২০১০ প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তাঁদের মতে, এ ধরনের নীতিমালা না থাকায় প্রায়ই রাজনৈতিক আক্রোশের শিকার হচ্ছেন বিভিন্ন গণমাধ্যম এবং এর কর্মীরা। উদাহরণ হিসেবে তাঁরা সম্প্রতি বন্ধ হওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৪ ঘণ্টা সংবাদভিত্তিক চ্যানেল সিএসবি ও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করেন।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির নজরানা চৌধুরী, ডেইলি স্টার-এর এমরান হোসেন ও এরশাদ কমল এবং যায়যায়দিন-এর আলতাফ হোসেনকে এবার ইউনেসকো-বাংলাদেশ সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, অনেক সাংবাদিক নেতাই তাঁকে বলেছেন জাতীয় সম্প্রচার-নীতিমালা হলে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে। আবার অনেকে নীতিমালা তৈরির পক্ষে কথা বলছেন। সাংবাদিক নেতাদের দ্বিধাবিভক্তির কারণেই সম্প্রচার-নীতিমালা প্রণয়ন করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জন্য দুটি খসড়া নীতিমালা আমার কাছে রয়েছে। সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ বিভিন্ন সময় নিহত সাংবাদিকদের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী এবং সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সব ঘটনার তথ্য-প্রমাণ হাতে পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেন, সাংবাদিকেরা অনেক ঝুঁকির মধ্য দিয়ে কাজ করে থাকেন। তাই অবাধ তথ্যপ্রবাহের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যম যেন রাজনৈতিক আক্রোশের শিকার না হয় সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে।অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তাও ওতোপ্রোতোভাবে জড়িত। অন্যান্যের মধ্যে সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ইউনেসকো ঢাকা কার্যালয়ের পরিচালক ডেরেক এলিয়াস প্রমুখ বক্তব্য দেন।তথ্য অধিকার আন্দোলন: এদিকে গতকাল জাতীয় প্রেসক্লাবে তথ্য অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগ যৌথভাবে ‘তথ্যের স্বাধীনতা ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, গণমাধ্যমের জন্য মুক্ত পরিবেশ দরকার। কিন্তু শাসকশ্রেণী মুক্ত ও স্বাধীন পরিবেশে বাধা সৃষ্টি করে। সাংবাদিকেরা মুক্তভাবে লিখতে গিয়ে নানা ধরনের চাপের মধ্যে পড়েন।