সম্প্রচার নীতিমালায় কারও হাত-পা বাঁধা নেই: লতিফ সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগমন্ত্রী আবদুুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘সম্প্রচার নীতিমালায় কারও হাত-পা বাঁধা নেই। এটা তো আইন নয়, নীতিমালা মাত্র। অবশ্য পালনীয় নয়। সমালোচনা করার জন্যই এর বিরোধিতা করা হচ্ছে।’

আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলনকক্ষে ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল এক্সামিনেশন কাউন্সিলের (আইটিপিইসি) সদস্যপদ পাওয়া উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

নীতিমালায় গণমাধ্যমের হাত-পা বেঁধে রাখা হয়েছে—সম্পাদক পরিষদের সভার এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হাত-পা বাঁধা নয়, আপনারা হাত-পা বাঁধা দেখলেন কোথায়? আইস্যা বলুন তো। ওনারা বলুন কোথায় হাত-পা বাঁধা রয়েছে, আমরা খুলে দেব। ওনারা নিজেরা নিজেরা বসছেন কেন? সরকারের সঙ্গে বসুন না। হাত-পা ছেড়ে দিলেই যদি ওনারা শক্তিশালী হয়ে যান...এটা তো হাত-পায়ের বিষয় নয়। এটা মস্তিষ্ক, মননের, ভাব জগতের বিষয়।’

অনেকে না জেনে সম্প্রচার নীতিমালার সমালোচনা করছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে মাত্র। অনিয়ম করে বেশিদিন চলা যায় না।’ তিনি বলেন, ‘যাঁরা সম্প্রচার নীতিমালা নিয়ে সমালোচনা করেন, তাঁদের কথা শুনলে আমার হাসি পায়। এটা নীতিমালা, কোনো আইন নয়। তাই এ নীতিমালা আপনারা মানতেও পারেন, নাও পারেন।’

লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফেরত দেওয়ার খবরটি মিডিয়ায় এসেছে অভিশংসনের ক্ষমতা পাচ্ছে সংসদ। আসলে তো ক্ষমতা পাচ্ছে না, ক্ষমতা সংসদের কাছে প্রত্যর্পণ করা হচ্ছে। এ খবরটি ইচ্ছাকৃতভাবে এভাবে দেওয়া হয়েছে। এ নিয়ে পত্রিকার কাছে জবাব চাইলে সেটাকে কি হাত-পা বাঁধা হয়ে যাবে? শাপলা চত্বরের ঘটনা নিয়ে অনেক পত্রিকায় লেখা হয়েছিল, সেখানে নাকি অনেক মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আজও কি কোনো মা থানায় একটা অভিযোগ করেছেন? কোনো সাংবাদিকের কাছে কি কিছু বলেছে? এসব পত্রিকাকে কাঠামোর মধ্যে নিয়ে আসতে নীতিমালা করা হচ্ছে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়।’