সম্প্রচার নীতিমালায় খুশি নন বিজ্ঞাপনদাতারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত বিজ্ঞাপন নীতিমালা চেয়েছেন বিজ্ঞাপন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন নীতিমালার সঙ্গে সম্প্রচার নীতি-মালার সংশ্লিষ্ট বেশির ভাগ ধারারই হুবহু মিল দেখা যায়। বিটিভির পুরোনো দিনের বিজ্ঞাপন নীতিমালা ‘কপি-পেস্ট’ করে নতুন করে সম্প্রচার নীতিমালায় যোগ করা হয়েছে।
এ কারণে জাতীয় সম্প্রচার নীতিমালায় বিজ্ঞাপন নিয়ে যেসব বিধি রাখা হয়েছে, সেগুলোকে পশ্চাৎমুখী বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর মাধ্যমে বিজ্ঞাপন খাতকে নিয়ন্ত্রণ ও আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। আবার নীতিমালা তৈরির সময় বিজ্ঞাপন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো মতামত নেওয়া হয়নি বলেও তাঁদের অভিযোগ।
দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার নীতিমালার অধীনে থাকলেও বিদেশি চ্যানেল-গুলো নিয়ে নীতিমালায় কোনো ব্যাখ্যা নেই। নীতিমালা বিদেশি চ্যানেলগুলোর জন্য প্রযোজ্য না হলে ‘বৈষম্য’ তৈরি হবে বলে মনে করছেন বেশ কয়েকজন নির্মাতা। তাঁরা আরও বলছেন, সরকারনিয়ন্ত্রিত বিটিভির রক্ষণশীল নীতিমালার শর্তগুলো বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়নি। ফলে বেসরকারি মালিকানাধীন চ্যানেলগুলোকে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে পুরোপুরি রক্ষণশীল অবস্থানে চলে যেতে হবে। অনেক কাজেই দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে।
তবে বিজ্ঞাপন খাতে শৃঙ্খলা, পেশাদারত্ব প্রতিষ্ঠাসহ এ খাতের বিকাশের জন্য নীতিমালা করা হলে তেমন কোনো সমস্যা দেখেন না অনেকেই। শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের চেয়ারম্যান, নাট্যব্যক্তিত্ব আলী যাকের সম্প্রচার নীতিমালায় বিজ্ঞাপন খাতের জন্য নেতিবাচক তেমন কিছু দেখেন না। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের বিজ্ঞাপন নীতিমালা এর চেয়েও কঠিন। তার পরও বিজ্ঞাপন ব্যবসায় তেমন সমস্যা হয় না। তবে আলী যাকের মনে করেন, প্রচলিত আইনের প্রয়োগ ঠিক থাকলে কোনো নীতিমালারই প্রয়োজন হয় না।
বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘দেখে মনে হচ্ছে বিভিন্ন চ্যানেলে সংবাদ ও টক শোকে নিয়ন্ত্রণের জন্যই এ নীতিমালা। অনেকটা “হেডমাস্টারির” কাজের মতোই। এ শিল্পের বিকাশে কোনো উদ্যোগ দেখছি না নীতিমালায়।’
সম্প্রচার নীতিমালা তৈরিতে বিজ্ঞাপন-সংশ্লিষ্ট ব্যক্তিদের না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকলে যেসব বিষয়ে বিতর্ক তৈরি হচ্ছে, সেগুলো এড়ানো যেত বলে মনে করেন তাঁরা।
গ্রের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন বলেন, নীতিমালা তৈরির সময় বিজ্ঞাপন নিয়ে তাঁদের কোনো ভাবনা ছিল বলে মনে হয় না। অসংগতিগুলো সম্প্রচার কমিশন গঠনের পর আইন তৈরির সময় অংশীজনদের পরামর্শ নিয়ে ঠিক করে নেওয়া হবে বলে তথ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কমিশনই যদি সব কিছু করে, তাহলে নীতিমালায় এত কিছু রাখার প্রয়োজন ছিল না।
বিজ্ঞাপন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্প্রচার নীতিমালায় বিজ্ঞাপন নিয়ে সংযুক্ত বেশ কিছু ধারার প্রশংসাও করেছেন। পণ্যের মান এবং ভোক্তা অধিকার সংরক্ষণে যুক্ত করা ধারাগুলোকে ইতিবাচকভাবেই দেখছেন। শিশু এবং নারীর অধিকার সংশ্লিষ্ট ধারাগুলো নিয়েও প্রশংসা করেছেন। অনুমোদনহীন পণ্য, লাইসেন্সবিহীন ব্যবসায়িক কর্মকাণ্ডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করাকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা বলছেন, নীতিমালা যদি বিজ্ঞাপনদাতা, নির্মাতা এবং দর্শকদের জন্য হয়ে থাকে, তাহলে বিদেশি চ্যানেল এর আওতার বাইরে থাকতে পারে না। কারণ, বিদেশি চ্যানেলগুলোও এ দেশের দর্শক ব্যাপক হারে দেখে থাকেন।
বিশ্বায়নের কারণে বহুজাতিক কোম্পানিগুলো অনেক দেশেই তাদের পণ্য বিপণন করে থাকে। অনেক পণ্য রয়েছে, যেগুলো ভারতের পাশাপাশি বাংলাদেশেও বিক্রি হয়। বাংলাদেশের চ্যানেলে বিজ্ঞাপন না দিয়েই ভারতীয় চ্যানেলগুলোর মাধ্যমে ওই সব পণ্যের প্রচার করে বাংলাদেশের বাজারে প্রভাব তৈরি করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এখন একই জানালায় অনেক আকাশ। নীতিমালা তৈরির সময় এ বিষয়টা মাথায় রাখা হয়েছে কি না সেটাই প্রশ্ন।’ তিনি মনে করেন, নীতিমালা শুধু দেশি চ্যানেলের জন্য প্রযোজ্য হলে সেটা হবে বৈষম্য।
বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী মনে করেন, নীতিমালা হলে সেটা হওয়া উচিত ‘সময়োপযোগী ও নির্দেশনামূলক’।
বিজ্ঞাপন খাতের বিকাশ, বিজ্ঞাপন মাননিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য বিজ্ঞাপন মান কাউন্সিল (অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল) গঠনের ওপর গুরুত্ব দেন নাজিম ফারহান চৌধুরী ও গাউসুল আলম শাওন।
এ ক্ষেত্রে ভারতের বিজ্ঞাপন মান কাউন্সিলের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন তাঁরা। ভারতীয় বিজ্ঞাপন মান কাউন্সিল (অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া) বিজ্ঞাপন-সংশ্লিষ্ট ব্যক্তিদের স্ব-নিয়ন্ত্রণের জন্য গঠিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান এখন এমন শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যে, একে বিজ্ঞাপন খাতের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটিতে সরকারের কোনো প্রতিনিধি বা নিয়ন্ত্রণ নেই। এর পরিচালনায় রয়েছেন বিজ্ঞাপনদাতা, নির্মাতা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা।
বিজ্ঞাপনে মিথ্যা, বিভ্রান্তিকর, অশোভন, বেআইনি, অনৈতিক চর্চার প্রচার, কিংবা অনৈতিক প্রতিযোগিতার বিষয় দৃষ্টিগোচর হলে প্রতিষ্ঠানটি দ্রুত ব্যবস্থা নেয়। ভোক্তা, নির্মাতা, বিজ্ঞাপনদাতাসহ যে কেউ এ কাউন্সিলের কাছে অভিযোগ করতে পারেন। প্রতিমাসেই শতাধিক অভিযোগের নিষ্পত্তি হয় প্রতিষ্ঠানটির হাত দিয়ে। বিজ্ঞাপন সংশোধন, প্রচার বন্ধের মতো সিদ্ধান্তও আসে। সবাই তাদের সিদ্ধান্ত মেনে নেয়।
সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপন নিয়ে দর্শকদের বড় অভিযোগ বিজ্ঞাপন বিরতি নিয়ে। বেসরকারি চ্যানেলগুলোতে ৪০ মিনিটের একটি অনুষ্ঠানের আগে-পরে ৪০-৫০ মিনিট পর্যন্ত প্রচার করা হয়। এ কারণে বিভিন্ন সময় দর্শকদের বলতে শোনা যায়, ‘অনুষ্ঠানে বিরতিতে বিজ্ঞাপন দেখছি, নাকি বিজ্ঞাপনের বিরতিতে অনুষ্ঠান দেখছি!’
এ বিষয়কে মাথায় রেখে সম্প্রচার নীতিমালার ৪.৫.১ ধারায় বলা হয়েছে, বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা এবং যৌক্তিক বিরতির সময়সীমা অনুসরণ করতে হবে।
এ বিষয়ে নীতিমালায় আরও স্পষ্টভাবে নির্দেশনা চান মোস্তফা সরয়ার ফারুকী। তবে নাজিম ফারহান চৌধুরী মনে করেন, এটার মাধ্যমে চ্যানেলগুলোর ব্যবসায়িক নীতির ওপর হস্তক্ষেপ করা হয়ে যাবে। তিনি বিষয়টি চ্যানেল এবং দর্শকের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে দর্শক যদি বিরক্ত হন তাঁর হাতে রিমোট রয়েছে। দর্শকই তখন সিদ্ধান্ত নেবেন, তিনি ওই চ্যানেল দেখবেন কিনা।
পণ্যের প্রচারের মাধ্যমে ভোক্তার কাছাকাছি যাওয়ার জন্য বিজ্ঞাপন বড় একটি মাধ্যম। জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪-তে সম্প্রচার মাধ্যমের বিজ্ঞাপন বিষয়টি যুক্ত হয়েছে। বিজ্ঞাপন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা সব ধরনের প্রচারমাধ্যমে বিজ্ঞাপন প্রচার নিয়ে আলাদা একটি সমন্বিত নির্দেশনামূলক নীতিমালার ওপর গুরুত্ব দিয়েছেন।