জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমের জন্য ‘কালো অধ্যায়’ আখ্যায়িত করে ওই নীতিমালার কপিতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের দুটি সংগঠনের একাংশের নেতারা। একই সঙ্গে তাঁরা এই নীতিমালা না মানার ঘোষণা দিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।
সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপকারী জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর প্রতিবাদে আয়োজিত সমাবেশ শেষে বিক্ষোভ করে সাংবাদিক নেতারা নীতিমালার কপিতে আগুন ধরিয়ে দেন।
বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘গণমাধ্যমের স্বাধীনতার শত্রু’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এই নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত সাংবাদিকেরা তথ্যমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাবে দেখতে চান না। সমাবেশ থেকে এই নীতিমালা বাতিলের দাবিতে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, এম এ আজিজ, আবদুস শহীদ, জাহাঙ্গীর আলম প্রধান, এ কে এম মোহসীন, কাদের গণি চৌধুরী প্রমুখ।
সম্প্রচার নীতিমালা পর্যালোচনা করতে বিএফইউজের আরেক অংশের নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএফইউজের এ অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সেরও (এটকো) আজ এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটি গতকাল এক বিবৃতিতে সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার দাবি জানিয়েছেন। ডিআরইউ নেতারা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে ও তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে গণমাধ্যমসংশ্লিষ্ট নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর কমিশন গঠন করার দাবি জানান।
বাতিল চায় বিএনপি: মন্ত্রিসভার অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালাকে ‘সম্প্রচার নিয়ন্ত্রণ ও দলন নীতিমালা’ আখ্যা দিয়েছে বিএনপি। দলটি এই নীতিমালাকে ‘কালাকানুন’ও বলেছে।
গতকাল মঙ্গলবার গুলশান কার্যালয়ে সম্প্রচার নীতিমালা নিয়ে দলের ‘আনুষ্ঠানিক প্রতিক্রিয়া’ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর পাঠ করা লিখিত বক্তব্যে সারা দেশে বিএনপি, ২০ দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব গণতান্ত্রিক শক্তিকে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এতে নীতিমালাটি বাতিলেরও দাবি করা হয়েছে। এর আগে সোমবারও এ নীতিমালার সমালোচনা করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি।
গতকাল লিখিত বক্তব্যে মঈন খান বলেন, তথ্য মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটি সম্প্রচার কমিশন গঠন করবে। এর অর্থ হচ্ছে, কমিশন হবে সরকারের পছন্দের ও আজ্ঞাবহ। কমিশন গঠনের আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা নিয়ন্ত্রণ করায় বেসরকারি সম্প্রচার মাধ্যম সরাসরি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে। এই নীতিমালার যথেচ্ছ ব্যবহারের সুযোগ রয়েছে।
এদিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এর মাধ্যমে গণমাধ্যমকে িশকল দিয়ে বেঁধে ফেলা হবে।