সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন ও বেতারের জন্য জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। গতকাল রোববার তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ-সংক্রান্ত কমিটির সভায় খসড়াটি চূড়ান্ত হয়।
এ বিষয়ে তথ্যসচিব মরতুজা আহমদ প্রথম আলোকে বলেন, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগিরই এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে।
তথ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রস্তাবিত নীতিমালার আলোকে আইনের মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে। ওই কমিশন একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করে টেলিভিশন ও বেতারের লাইসেন্স দেওয়ার জন্য সরকারকে সুপারিশ করবে। নীতিমালার আলোকে প্রতিটি সম্প্রচার প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট সম্পাদকীয় নীতি প্রণয়ন করতে হবে।
কমিশন গঠনের বিষয়ে নীতিমালায় বলা হয়, এই কমিশন সম্প্রচারিত অনুষ্ঠান, তথ্য ও বিজ্ঞাপনসংক্রান্ত মান সম্পর্কে জনগণের অভিযোগ গ্রহণ এবং তা নিষ্পত্তির ব্যবস্থা করবে। কমিশনে একজন চেয়ারম্যান ও প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকবে।
চেয়ারম্যান ও সদস্যদের তথ্য মন্ত্রণালয় গঠিত অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচিত করা হবে এবং রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দেবেন। কমিশন সম্প্রচার প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের জন্য একটি অনুসরণীয় নিয়মাবলি তৈরি করবে।
গতকালের সভায় সভাপতির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সংবিধানের চার মূলনীতির ভিত্তিতে প্রণীত এই নীতিমালা সম্প্রচারের জগৎকে গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, খসড়া প্রণয়ন কমিটির সভাপতি তথ্যসচিব মরতুজা আহমদ প্রমুখ।