সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে অসন্তোষ ক্ষোভ অব্যাহত
জাতীয় সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে তীব্র ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করা অব্যাহত রেখেছেন সাংবাদিকেরা। এ নীতিমালার বিরুদ্ধে গতকাল বুধবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন জেলার সাংবাদিকেরা। তাঁরা তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব এম এ আজিজ। প্রধান অতিথি ছিলেন বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ।
সমাবেশে এম এ আজিজ বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন হলে দেশে গণতান্ত্রিক ভিত্তি যেটুকু অবশিষ্ট আছে তা-ও নস্যাৎ হবে। কোনোভাবেই সাংবাদিকেরা এটা মেনে নেবেন না।
এম আবদুল্লাহ বলেন, আমার দেশ ও দিগন্ত টেলিভিশন বন্ধ করার সময় সাংবাদিকেরা যদি ঐক্যবদ্ধ হতেন, তাহলে সরকার এ নীতিমালা করার সাহস দেখাত না।
অন্যদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সহকারী মহাসচিব মির্জা সেলিম রেজা, যশোর প্রেসক্লাবের সম্পাদক আহসান কবির। সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম। সমাবেশ শেষে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।