একদলীয় শাসন কায়েমই লক্ষ্য: মির্জা ফখরুল
সম্প্রচার নীতিমালার ভিত্তিতে পদক্ষেপ নয়: তথ্যমন্ত্রী
সম্প্রচার আইন প্রণয়নে এক মাসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঘোষিত সম্প্রচার নীতিমালা নিয়ে গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।
পৃথক এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন করে নয়, বরং অঘোষিতভাবে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করার লক্ষ্যে সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গতকাল ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পৃথক আরেকটি গোলটেবিল বৈঠকে বলেন, ‘সম্প্রচার কমিশন গঠন ও আইন প্রণয়নের আগ পর্যন্ত সম্প্রচার নীতিমালার ভিত্তিতে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার তথ্য মন্ত্রণালয়ের নেই। এটি একটি নির্দেশনামূলক নীতিমালা।’
তথ্যমন্ত্রীর সঙ্গে অ্যাটকো নেতাদের সাক্ষাৎ: অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে অংশীজনভিত্তিক বিশেষ করে অ্যাটকোর মতো সংগঠনের প্রতিনিধিদের সম্মানজনক সংখ্যা রেখে আইন করতে কমিটি গঠন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আইন ও কমিশন পাওয়া যাবে। কমিটি যত তাড়াতাড়ি আইন তৈরি করে দেবে, তত তাড়াতাড়ি সম্প্রচার কমিশন গঠন হবে।
অ্যাটকোর সভাপতি ও এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী বলেন, ‘আমরা অতি দ্রুত একটি স্বাধীন কমিশন চাচ্ছি, কিছু ধারা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, ‘নীতিমালার যে বিষয়গুলো নিয়ে আমরা শঙ্কিত, সেসব বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন।’
৪ আগস্ট মন্ত্রিসভায় সম্প্রচার নীতিমালার অনুমোদন দেওয়া হয়। দুই দিন পর ৬ আগস্ট নীতিমালার গেজেট প্রকাশ করা হয়। এর পর থেকে এ নিয়ে সমালোচনা চলছে।
সম্মিলিত পেশাজীবী পরিষদ: মির্জা ফখরুল ইসলাম বলেন, মিডিয়া জনগণের কণ্ঠ। সে কণ্ঠকে রোধ করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। সরকার সম্প্রচার নীতিমালার মাধ্যমে সে কণ্ঠকে রোধ করার চেষ্টাই করছে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সম্প্রচার নীতিমালা যে তথ্যমন্ত্রীর হাত ধরে এসেছে, তিনি একসময় আওয়ামী লীগের বিরুদ্ধেই অস্ত্র ধরেছিলেন। আওয়ামী লীগ সরকারে ও বিরোধী দলে—দুই সময়েই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
নির্বিঘ্নে ক্ষমতায় থাকার জন্য এই ব্যবস্থা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিঠির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘একদলীয় শাসন সামনে আরও কঠোরভাবে আসবে। লুণ্ঠন, হত্যা, দখল যা-ই হোক না কেন, প্রতিবাদ যেন না হয় তার জন্য এই নীতি করা হয়েছে।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম বলেন, ফ্যাসিবাদের একটা লক্ষণ হচ্ছে এই সম্প্রচার নীতিমালা।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, নয়াদিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ। সংগঠনের সদস্যসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
বিভ্রান্তি দূর করার আহ্বান: সম্প্রচার নীতিমালার বিভ্রান্তিগুলো দূর করার পরামর্শ দিয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। আইন প্রণয়নের অংশীজনদের যুক্ত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।
গতকাল জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কপিরাইট ও আইপি ফোরাম, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন’ এ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, সংবিধানের আলোকে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সম্প্রচার নীতিমালা তৈরি করা হয়েছে। এটি কোনো আইন নয়, কাউকে দণ্ড দেওয়ার ক্ষমতা তথ্য মন্ত্রণালয়ের নেই। নীতিমালা অনুযায়ী যে সম্প্রচার কমিশন গঠন করা হবে তারাই সব কাজ করবে।
ইনু বলেন, এ নীতিমালার যেসব শব্দ নিয়ে বিভ্রান্তি রয়েছে, সেগুলো নিয়ে আশঙ্কার কিছু নেই। সবকিছু বিবেচনা করে সব অংশীজনকে নিয়েই আইন তৈরি করা হবে।
নীতিমালা বাতিল করা নিয়ে বিএনপির দাবির কথা উল্লেখ করে ইনু বলেন, ‘শুধু রাস্তায় দাঁড়িয়ে সমালোচনা না করে সুনির্দিষ্ট প্রস্তাব দিন।’
গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর এ নীতিমালাকে নিয়ন্ত্রণমূলক, বিভ্রান্তিকর ও স্বাধীন মত প্রকাশের জন্য বাধাস্বরূপ বলে মন্তব্য করেন। সরকার সম্প্রচার মাধ্যমকে চাপে রাখতেই এ নীতিমালা তৈরি করেছে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে তথ্যমন্ত্রী সোমবার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করেন।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিজেএফইউ) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সম্প্রচার নীতিমালা নিয়ে তথ্যমন্ত্রীর সোমবারের সংবাদ সম্মেলনের পর আর আলোচনার সুযোগ নেই। যেসব ব্যাপারে উদ্বেগ রয়েছে, তা অচিরেই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামীম রেজা, সাংবাদিক সামিয়া জামান, প্রভাষ আমিন ও শাহরিয়ার করিম, কাজী জাহিন হাসান, এ বি এম হামিদুল মিজবাহ প্রমুখ।