জাতীয় সম্প্রচার নীতিমালার নামে মানুষের গণতন্ত্রচর্চার যে ন্যূনতম অধিকার, তা-ও হরণের চক্রান্ত হচ্ছে। জনগণকে ঐকবদ্ধভাবে এই চক্রান্তকে রুখে দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, নাকি সম্প্রচার নিয়ন্ত্রণ নীতি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ মতবিনিময় সভার আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে কলাম লেখক আবু সাঈদ খান বলেন, সরকারের পায়ের নিচে যখন মাটি নেই, সেই সময়ে জনগণের প্রতিরোধের কণ্ঠস্বরকে রোধ করার পরিকল্পনার অংশ হিসেবে এই নীতিমালা প্রণয়নের চেষ্টা করছে সরকার।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, যে রাষ্ট্রব্যবস্থা জনগণের স্বার্থকে প্রতিফলিত করে না, সেই রাষ্ট্রব্যবস্থাই তাদের কৃতকর্মকে আড়াল করার জন্য এ ধরনের নীতিমালা প্রবর্তন করে থাকে।
এই নীতিমালায় জনসাধারণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে কেবল শাসকশ্রেণির নিবর্তনমূলক দলিলে এটিকে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইমরান হাবীব। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামীম রেজা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানজিমউদ্দিন খান, গণমাধ্যমকর্মী নূর-সাফা জুলহাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান।