সম্প্রচার নীতিমালায় গোপনীয় কিছু নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সম্প্রচার নীতিমালায় লুকানোর কিছু নেই। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর খসড়া নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে খসড়া নীতিমালাটি ওয়েবসাইটে রাখা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে ১৫ সদস্যের কমিটি এ প্রক্রিয়ায় সম্পৃক্ত রয়েছে।
গতকাল রোববার বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত নীতিমালায় প্রধান চার অংশীজন (স্টেকহোল্ডার) সাংবাদিক, টেলিভিশন মালিক, গ্রাহক ও রাষ্ট্র—সকল পক্ষের স্বার্থ পূরণের চেষ্টা করেছি।’
১৫ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর।
মন্ত্রী বলেন, সংবিধানে বাক্স্বাধীনতার নীতির সঙ্গে সংগতি রেখে খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে এবং সবাই এ বিষয়ে পরামর্শ ও মতামত দিয়েছেন।
‘চূড়ান্ত খসড়ায় ভালো কিছু অন্তর্ভুক্ত করতে পেরেছি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে কল্পনার কোনো সুযোগ নেই, এর সবকিছুই উন্মুক্ত।
মন্ত্রী বলেন, খসড়া নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের পর এটি আইনে পরিণত হতে সংসদে পাস হবে এবং পরে জাতীয় সম্প্রচার কমিশন গঠিত হবে। তিনি বলেন, ‘এতে কিছুটা সময় লাগবে।’ বাসস।