সম্প্রচার বন্ধে ব্যবস্থা চেয়ে রিট উত্থাপিত হয়নি বলে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তিনটি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ৭ আগস্ট আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিটটি করেন। শুনানিকালে ২১ আগস্ট আদালত ওই সব চ্যানেল সম্প্রচারে অনুমোদন ও কার্যক্রম পরিচালনায় অর্থ জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীকে তথ্য জানাতে বলে মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন।

গতকাল আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। ভারতীয় স্টার পে টিভি চ্যানেলের বাংলাদেশে একমাত্র পরিবেশক ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু আদালতে সম্প্রচারের ক্ষেত্রে অনুমোদন ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ জমা দেওয়ার বিষয়ে তথ্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে একলাছ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।