বাংলাদেশে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে একজন আইনজীবী রিট আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।
আবেদনে বাংলাদেশে ওই ভারতীয় চ্যানেলগুলো সম্প্রচার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। এ ছাড়া নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার আরজি জানানো হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলীর পক্ষে আবেদনটি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচার করা হয় না। তবে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশে অবাধ সম্প্রচারের ফলে দেশের যুবসমাজ ধ্বংসের সম্মুখীন। স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অভিনয়কারীর মতো পোশাক ঈদের সময় কিনতে না পেরে বাংলাদেশে ইতিমধ্যে তিনজন আত্মহত্যা করেছে বলে পত্রিকায় খবর এসেছে। তাই জনস্বার্থে রিটটি করা হয়। রোববার আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের বিষয়ে ৩ আগস্ট আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনজীবী। এর জবাব না পাওয়ায় গতকাল রিটটি করা হয়।