সম্প্রচার মাধ্যমের কাছে আরও দায়িত্বশীল ভূমিকা চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদবিরোধী প্রচারাভিযানে জনমত গঠনে সহায়তা করা ও জাতীয় সম্প্রচার নীতিমালা মেনে সংবাদ প্রচার করতে সম্প্রচারমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের (জঙ্গি অভিযান) সংবাদ প্রচারের ক্ষেত্রে সম্প্রচার মাধ্যমের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা চায় সরকার।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সম্প্রচারমাধ্যমের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত দুজন প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্যসচিব মরতুজা আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বেসরকারি টেলিভিশন (টিভি) চ্যানেলের কয়েকজন মালিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর বেসরকারি টিভিগুলোর লাইভ সম্প্রচার নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের সাহায্য কামনা করে বলেন, জঙ্গিবাদ উন্নয়ন, গণতন্ত্র ও গণমাধ্যমের শত্রু। তিনি বলেন, বর্তমানে সরকারের একটাই নীতি—ওদের (জঙ্গিদের) ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে এক পায়ে খাড়া।

 জানতে চাইলে বৈঠকে উপস্থিত বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদক শাইখ সিরাজ প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনায় সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার গণমাধ্যমের কাছ থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা আশা করে। তবে এ ধরনের বড় ঘটনায় গণমাধ্যমের প্রত্যাশা হচ্ছে, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্রিফিংয়ের ব্যবস্থা করা। তাহলে গণমাধ্যম সরকারের অবস্থান ও গতিবিধি সম্পর্কে ধারণা পেতে পারে।

বৈঠকে বেসরকারি টেলিভিশনের মালিক ও কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর, একুশে টিভির মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।