সম্প্রচার সাংবাদিকতার মেধাবী মুখ মিশুক মুনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশুক মুনীর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাট চুকিয়ে ওই বিভাগের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। শিক্ষকতার পাশাপাশি ক্যামেরা হাতে কাজ করায় ছিল তাঁর আনন্দ। পুরো নাম আশফাক মুনীর চৌধুরী। গতকাল মিশুক মুনীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে। বনানীর এফ ব্লকের ৭ নম্বর রোডের বাসায় গতকাল দুপুর থেকেই আসতে থাকে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। তাঁরা প্রয়াতের স্ত্রী মঞ্জুলী কাজী এবং একমাত্র ছেলে সহূদকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আগত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, আফরোজা বানু, ত্রপা মজুমদার, আপন আহসানসহ অনেকে। বাংলাদেশে যখন ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ হয়নি সেই সময়ই এই সম্প্রচার মাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়ান মিশুক মুনীর। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে বিভিন্ন অঞ্চলে তিনি কাজ করেছেন ক্যামেরা কাঁধে। সম্প্রচার সাংবাদিকতার পেছনের মানুষ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। মিশুক মুনীর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির হয়ে কাজ করেছেন দীর্ঘদিন। একুশে টেলিভিশন চালু হলে এ অঙ্গনে দেশের অন্যতম যোগ্য ব্যক্তি হিসেবে মিশুক মুনীরই দায়িত্ব পান সংবাদ বিভাগ পরিচালনার। প্রখ্যাত সাংবাদিক সায়মন ড্রিংয়ের সঙ্গে হাতে গড়ে তোলেন একুশের সংবাদ টিম। আশফাক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (১৯৭৯-১৯৮৩) পাস করেন। ১৯৮২-৮৯ সাল পর্যন্ত কাজ করেছেন জাতীয় জাদুঘরের অডিওভিজুয়াল কর্মকর্তা হিসেবে।১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৯৯-০১ পর্যন্ত একুশে টিভির বার্তাপ্রধান (পরিচালনা) হিসেবে দায়িত্ব পালন করেন মিশুক মুনীর। ২০০২-২০০৭ সালে তিনি টরন্টোর ব্রেকথ্রো ফিল্মস, জে ফিল্মস ইত্যাদি প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ক্যামেরাপারসন ও প্রযোজক হিসেবে কাজ করেছেন। কানাডার রিয়েল নিউজ নেটওয়ার্কের হেড অব ব্রডকাস্ট অপারেশন্স হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেন তিনি। সর্বশেষ গত বছর তিনি এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও তিনি লিবিয়ার সংকটের সময় সে দেশে কর্মরত বাংলাদেশিদের সংবাদ সংগ্রহ করতে নিজেই ছুটে যান। মিশুক মুনীর একাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশনের এবং কানাডিয়ান ইনডিপেনডেন্ট ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্য এবং কানাডিয়ান সোসাইটি অব সিনেমাটোগ্রাফির সহযোগী সদস্য ছিলেন। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের ছবি রানওয়ের প্রধান চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনীর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মুক্তমঞ্চে এই ছবির প্রদর্শনী করেছেন তাঁরা। জেমিনি অ্যাওয়ার্ড জয়ী রিটার্ন টু কান্দাহার এবং সিচুয়েশনাল ক্রিটিক্যাল, লিটল মিরাকলস, হার্টবিট, ওয়ার্ডস অব ফ্রিডম প্রামাণ্যচিত্রে কাজ করেছেন মিশুক মুনীর।