সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচারমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরা টেলিভিশন চ্যানেলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি স্বাধীন কমিশন চেয়েছিলেন। কিন্তু সরকার কমিশন গঠনের আগেই নীতিমালার নামে সম্প্রচার-মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ অভিমত গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের।
জাতীয় সম্প্রচার নীতিমালা গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গতকালই এটি সংশোধনের দাবি উঠেছে। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) কাল বুধবার সম্প্রচার নীতিমালা পর্যালোচনার জন্য সভা ডেকেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে।
নীতিমালায় সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জাতীয় সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হলেও কবে তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময় উল্লেখ নেই। বরং বলা হয়েছে, কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। গণমাধ্যমসংশ্লিষ্টদের কাছে এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়।
সম্প্রচারমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, মানবাধিকার সংস্থা, একাধিক সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা বলেছেন, যেভাবে নীতিমালাটি হয়েছে তাতে সম্প্রচারমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়বে, এই মাধ্যম সংকুচিত হবে। বিশেষ করে, কমিশন গঠনে সময়সীমা ঠিক না করে তার আগ পর্যন্ত মন্ত্রণালয়ের হাতে সব সিদ্ধান্তের ক্ষমতা রাখায় নিয়ন্ত্রণের সুযোগটি বাড়বে।
বিএনপি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ, আইন ও সালিশ কেন্দ্র, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, মানবাধিকার, সাংবাদিক সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে।
তবে মন্ত্রিসভায় নীতিমালা অনুমোদন হওয়ার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেছেন, কমিশন গঠন করতে কয়েক মাস সময় লেগে যাবে। এ জন্য কয়েক দিনের মধ্যে আইন তৈরির কাজে হাত দেওয়া হবে। আর আজ-কালের মধ্যে নীতিমালার প্রজ্ঞাপন জারি হবে। তাঁর দাবি, এই নীতিমালার মাধ্যমে সম্প্রচারমাধ্যম আরও বিকশিত হবে।
অ্যাটকোর সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রথম আলোকে জানান, তাঁরা সাংগঠনিকভাবে খুব শিগগির এ বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া দেবেন। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী এই কমিশন কবে হবে, তা কেউ জানে না। এই সংশয় থাকত না, যদি কমিশন হওয়ার পর নীতিমালা হতো। তবে গণমাধ্যমের স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতায় পরিণত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, প্রজ্ঞাপন জারির সময় থেকেই নীতিমালাটি কার্যকর হবে। এটা সরকারি ও বেসরকারি সব সম্প্রচারমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নীতিমালায় আছে, আলোচনামূলক অনুষ্ঠানে (টক শো) বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য পরিহার করতে হবে। এ ধরনের অনুষ্ঠানে সব পক্ষের যুক্তি যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকতে হবে।
সংবাদ ব্রিফিংয়ে এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টক শো কীভাবে আরও নাগরিকবান্ধব করা যায়, সেটাই নীতিমালায় বলা হয়েছে।
বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল নীতিমালা প্রসঙ্গে বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি সার্বিকভাবে কর্তৃত্ববাদী ও নিয়ন্ত্রণমূলক। বিচার বিভাগ, বেসরকারি সংস্থা (এনজিও), গণমাধ্যমসহ সব ক্ষেত্রেই উদ্বেগজনক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় নীতিমালায় যতটুকু নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে, প্রয়োগ তার চেয়ে বেশি মাত্রায় হবে, এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নীতিমালায় আছে, কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার ক্ষতি করে এমন কোনো তথ্য প্রচার করা যাবে না। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন ধরনের সামরিক, বেসামরিক বা সরকারি তথ্য প্রচার করা যাবে না।
সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালা সমুন্নত রাখতে হবে। জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রদর্শন করা যাবে না। ধর্মীয় মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় আঘাত সৃষ্টি করতে পারে, এমন ধরনের অনুষ্ঠান বা বক্তব্যও প্রচার থেকে বিরত থাকতে হবে।
নীতিমালা অনুযায়ী, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। অপরাধীদের দণ্ড দিতে পারেন, এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতোও দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না।
নীতিমালার এসব ধারার অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণমাধ্যম ও মানবাধিকারকর্মীরা।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা নিয়ে আমাদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে সম্প্রচারমাধ্যমগুলো সংকুচিত হবে। এখন দেখছি, সেই আশঙ্কা রয়েই গেল।’
নীতিমালা অনুযায়ী বেতার ও টেলিভিশনসহ সম্প্রচারমাধ্যমকে রাষ্ট্র ও সরকারপ্রধানের ভাষণসহ জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যথাযথভাবে প্রচার করতে হবে। বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, জাতির পিতার জন্মদিন, স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় শোক দিবসসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে প্রচারে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে নীতিমালায়। জাতীয় আদর্শ ও উদ্দেশ্যের প্রতি কোনো প্রকার ব্যঙ্গ বা বিদ্রূপ, বাংলাদেশের জনগণের অবমাননা অথবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অখণ্ডতা বা সংহতি ক্ষুণ্ন হতে পারে, এমন দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, বর্ণ বা মতাবলম্বীদের মধ্যে বিদ্বেষ বা বিভেদ সৃষ্টি করতে পারে, এমন দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না।
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, অংশীজনেরাই এই নীতিমালা চেয়েছে। সম্প্রচারমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই নীতিমালার অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সবার আগে যোগ্য ব্যক্তিকে দিয়ে সম্প্রচার কমিশন করতে হবে। এই কমিশন না হওয়া পর্যন্ত মন্ত্রণালয় সম্প্রচারমাধ্যমগুলো দেখভাল করবে বলে নীতিমালায় যা বলা হয়েছে, তা ঠিক নয়।
নীতিমালায় আরও আছে, কোনো বিদেশি রাষ্ট্রের অনুকূলে এমন ধরনের প্রচারণা, যা বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিরোধের কোনো একটি বিষয়কে প্রভাবিত করতে পারে অথবা বন্ধুভাবাপন্ন বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে এমন ধরনের প্রচারণা, যার ফলে সেই রাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে—এমন দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। সরাসরি ও বিজ্ঞাপনের মাধ্যমে কোনোভাবেই দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে।
দুর্নীতিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ দেয়, এমন ধরনের অনুষ্ঠান বা বিজ্ঞাপন প্রচার করা নিষিদ্ধ। অনুষ্ঠান ও বিজ্ঞাপন দেশের প্রচলিত আইন, রীতিনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
সব সম্প্রচার প্রতিষ্ঠানকে সরকার বা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। প্রস্তাবিত সম্প্রচার কমিশন লাইসেন্স প্রদানের জন্য একটি সমন্বিত নীতিমালা সুপারিশ করবে। পরে ওই নীতিমালার ভিত্তিতে কমিশন লাইসেন্স দেওয়ার জন্য সরকারকে সুপারিশ করবে। তথ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠানগুলো এ নীতিমালার আওতায় লাইসেন্সপ্রাপ্ত হিসেবে বিবেচিত হবে।
বেসরকারি টেলিভিশন ৭১-এর পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা গতকাল রাতে বিবিসি বাংলাকে বলেন, যেসব শর্তে টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়, সেগুলো স্বাধীন গণমাধ্যমের জন্য সহায়ক নয় এবং নতুন নীতিমালা পরিস্থিতি আরও খারাপ করবে।