বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচারের বিষয়ে তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী মঙ্গলবার পরবর্তী দিন ধার্য রেখে টিভি চ্যানেল সম্প্রচারে অনুমোদন ও কার্যক্রম পরিচালনায় অর্থ জমা দেওয়ার বিষয়ে তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে বলা হয়েছে।
এক রিটের শুনানিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ ওই তথ্য জানাতে বলেন।
স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ৭ আগস্ট আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী রিটটি করেন। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
শুনানিতে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আইন অনুসরণ না করে ও অনুমতি ছাড়াই ভারতীয় চ্যানেল সম্প্রচার চালাচ্ছে। বাংলাদেশের কোনো চ্যানেল ভারতে দেখানো হয় না। কিছু কিছু চ্যানেলে এমন কিছু অনুষ্ঠান প্রচার করা হয়, যাতে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে।
আদালত বলেন, ‘প্রত্যেক অনুষ্ঠানেরই ভালো ও খারাপ দিক আছে। কেউ ভালো দিক শিখছে, আবার কেউ খারাপ দিক শিখছে। এখন দর্শকেরা কে কীভাবে নেয়, সেটা তাদের ব্যাপার। আমরা দেখব, আইন অনুযায়ী সবকিছু হয়েছে কি না।’
একপর্যায়ে কেব্ল টিভি নেটওয়ার্কের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু বলেন, অনুমতি নিয়েই সম্প্রচার হচ্ছে। আইনানুগভাবে রয়্যালটিও দেওয়া হয়।