সম্প্রতি মিয়ানমারের ৬৭ হাজার নাগরিক অনুপ্রবেশ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ৬৭ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল মঙ্গলবার সংসদে পিনু খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত সব দ্বিপক্ষীয় বৈঠক ও ফরেন অফিস কনসালটেশনে আমরা সব অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নেওয়ার জন্য নিয়মিত দাবি উত্থাপন করে আসছি।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্যমান সাম্প্রদায়িক অস্থিতিশীলতা, মিয়ানমার সরকারের মুসলিমবিরোধী অভ্যন্তরীণ নীতিমালা এবং ওই অঞ্চলের আর্থসামাজিক সমস্যার কারণে কয়েক দফায় মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বর্তমানে ৩৩ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থী বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন পরিচালিত দুটি রেজিস্টার্ড ক্যাম্পে এবং ৩ লাখের বেশি অনিবন্ধিত রোহিঙ্গা বিভিন্ন অস্থায়ী শিবিরে আছে। সম্প্রতি আরও ৬৭ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গত মেয়াদে ৩২ হাজার ৩১টি এবং এবারের মেয়াদে ৫০ হাজার জনবল বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। গত চার বছর পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে ৪৫ হাজার ৬১০টি নতুন পদ সৃজন করা হয়েছে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার উৎস-দেশ মিয়ানমার হওয়ায় ২০১১ সালের ১৫-১৬ নভেম্বর মিয়ানমারের ইয়াঙ্গুনে এবং ২০১৫ সালের ৫-৬ মে ঢাকায় উভয় দেশের মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থার মহাপরিচালক পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩-১৫ ফেব্রুয়ারি এ-বিষয়ক তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফরিদুল হক খানের প্রশ্নোত্তরে আসাদুজ্জামান খান বলেন, দেশে কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে মাদকাসক্তি চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ১৭৯টি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে চিকিৎসার নিবন্ধন দেওয়া হয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।