সম্প্রসারিত অংশের ভোটাররা সংশয়ে
বাগেরহাট পৌরসভার সম্প্রসারিত অংশের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এ কারণে সেখানকার প্রায় আড়াই হাজার ভোটার পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারছেন না বলে জানা গেছে।
সম্প্রসারিত অংশের বাসিন্দারা পৌরসভার ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করে ভোট নেওয়ার দাবি জানিয়েছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা গত বুধবার এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশন সচিবকে চিঠি দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছরেরও বেশি সময় আগে বাগেরহাট পৌরসভার এলাকা সম্প্রসারণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে বর্ধিত এলাকার সীমানা চিহ্নিতকরণ ও ভোটার তালিকা হালনাগাদ-প্রক্রিয়া বিলম্বিত হয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, গত ২৯ অক্টোবর গোবরদিয়া এলাকার ডাবলু হাওলাদার উকিল নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে বাগেরহাট পৌরসভার অন্তর্ভুক্ত গোবরদিয়ার ভোটারদের পৌরসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
বাগেরহাটের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রসারিত এলাকাকে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডভুক্ত করে ২৩ নভেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তী ১৫ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তিরা সীমানা বিষয়ে আপত্তি দিতে পারবেন। এখন সম্প্রসারিত এলাকার ভোটারদের পৌর এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে বাধা আছে বলে আমার মনে হয় না।’
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘সীমানা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি হলেও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়নি। তাই আমরা পুরোনো সীমানায় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।’