কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনটি নির্মাণের পর পাঁচ বছরেও চালু করা যাচ্ছে না। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অবহেলিত এলাকার মানুষ।
হাসপাতাল সূত্র জানায়, ১৯৮০ সালে নির্মিত উপজেলার একমাত্র ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাঁচ বছর আগে হাসপাতালের পাশে নতুন আরেকটি ভবন নির্মাণ করা হয়। সম্প্রসারিত নতুন এই ভবনটিতে ওয়ার্ড, প্যাথলজি, অস্ত্রোপচার কক্ষ, জরুরি বিভাগসহ অন্তর্বিভাগ ও বহির্বিভাগ স্থাপনের কথা ছিল। মূল হাসপাতাল ভবনটির বিভিন্ন দেয়ালের আস্তর খুলে পড়লেও মেরামতের কোনো লক্ষণ নেই।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, নতুন ভবনটি পাঁচ বছর আগে নির্মাণ করা হলেও জনবল ও আসবাব না থাকার কারণে চালু করা যাচ্ছে না।
৩১ শয্যা থেকে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে লেখালেখি চলছে।