সম্প্রসারিত সমুদ্র এলাকায় মৎস্য আহরণের আহ্বান জানালেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্প্রতি আন্তর্জাতিক আদালতের রায়ে অর্জিত সম্প্রসারিত সমুদ্র এলাকা থেকে মৎস্য আহরণের সুযোগ কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১২ উপলক্ষে গতকাল সোমবার বঙ্গভবনের ‘সিংহ’ পুকুরে মাছের পোনা অবমুক্তকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।জিল্লুর রহমান বলেন, সম্প্রতি আন্তর্জাতিক আদালত কর্তৃক সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় এক লাখ ১১ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় দেশের বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে বর্ধিত সমুদ্র এলাকা থেকে মাছ সংগ্রহের ব্যাপক সুযোগের দুয়ার খুলে গেছে। তিনি এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর ওপর জোর দেন।রাষ্ট্রপতি দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানভিত্তিক জৈবব্যবস্থার মাধ্যমে দেশীয় মাছের জাত সংরক্ষণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এম আব্দুল লতিফ বিশ্বাস এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বক্তৃতা দেন।