তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, প্রতিবেশী দেশ ও মানুষ বাংলাদেশের প্রতি দীর্ঘদিন ধরে যে সম্প্রীতি ও ভালোবাসা দেখিয়েছে, তা সবার মধ্যে চিরজাগরূক থাকবে।সিলেটে দুই দিনব্যাপী মণিপুরি সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন উদ্বোধনকালে গতকাল শুক্রবার মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেন। নগরের শাহি ঈদগাহ এলাকায় অবস্থিত শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে গতকাল বিকেল চারটায় তিনি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।প্রধান অতিথি মুহাম্মদ হাবিবুর রহমান শুরুতে সবাইকে মণিপুরি ভাষায় অভ্যর্থনা জানান। সব ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের আগে আমি একটি ছোট্ট কবিতা লিখেছিলাম। সেখানে বলেছিলাম, একুশে ফেব্রুয়ারি সব ভাষার কথা বলে। একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের নয়, সব মানুষের মাতৃভাষা দিবস। এই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে গত বছর বিষ্ণুপ্রিয়াদের সাহিত্য সম্মেলনে গিয়েছিলাম। এ বছর আমি এই সম্মেলনে এসেছি। বাংলাদেশের সঙ্গে মণিপুরি সম্প্রদায়ের খুব অঙ্গাঙ্গি সম্পর্ক। মানুষ, প্রকৃতি, জলবায়ু খুব কাছে এনেছে তাদের।’বিজয়ের মাসে সম্মেলনের আয়োজন করায় মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এই মাসে বাংলাদেশের লোক যখন মুক্তিযুদ্ধে নিজেকে উর্যাসর্গ করে, তখন আমাদের এই পূর্বাঞ্চলের সব প্রতিবেশী আসাম, ত্রিপুরা, মণিপুর—সবাই আমাদের সাহায্য করে। এমন অবস্থা হয়েছিল, ত্রিপুরাতে বাংলাদেশি লোকের সংখ্যা ত্রিপুরার লোকের চেয়ে বেশি ছিল। আমি নিশ্চিত, এই যে বাংলাদেশের প্রতি সম্প্রীতি, ভালোবাসার নিদর্শন আমরা দেখে আসছি, এটা আমাদের মাঝে চিরজাগরূক থাকবে।’ বক্তৃতায় সাবেক প্রধান বিচারপতি মণিপুরি কবিতার বাংলা অনুবাদ পাঠ করে শোনান এবং উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সম্মেলন উপলক্ষে প্রকাশিত ‘মৈরা’ স্মারকের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর। সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, লেখক-গবেষক মুস্তফা মজিদ, ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত মণিপুরি লেখক এন কুঞ্জমোহন সিংহ, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরশ আলী, মদনমোহন কলেজের উপাধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।মণিপুরিদের আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতিসেবী ছাড়াও ভারতের ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। ভারতের মণিপুর ও ত্রিপুরা থেকে আসা ‘জাগোই মরূপ’ দলের শিল্পীরা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মণিপুরি শিল্পীরা ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্যসহ লোকসংগীত পরিবেশ করেন। মণিপুরি ভাষা ও সাহিত্যের ওপর আলোচনা, কবি সম্মেলন এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার শেষ হবে এই সম্মেলন।