সম্প্রীতি জোরদারে মাছ ধরার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার পর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে মাছ ধরার উৎসবের আয়োজন করা হয়েছে। উপজেলার নাসিরপুরের আঠাউরী ও বাকলংগন বিলে গতকাল শনিবার দুপুরে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
উপজেলায় প্রতিবছর ‘জাল যার জলা তার’ নীতির ভিত্তিতে মাছ ধরা উৎসব (জালবাইচ) হয়ে থাকে। তবে মন্দির ও বাড়িঘরে সাম্প্রতিক হামলার পর অন্যদের মতো স্থানীয় জেলেরাও আতঙ্কে ছিলেন। তাই পুলিশ প্রশাসনের উদ্যোগে এ বছর নতুন আঙ্গিকে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে কয়েক হাজার লোক অংশ নেন।
উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর বাজারে নাসিরনগর-নাসিরপুর-ভিটাডুবি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কালীচরণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার প্রমুখ।
এদিকে নাসিরনগরে হামলার প্রায় এক মাস পর এখন ধীরে ধীরে এলাকাবাসীর আতঙ্ক কেটে যাচ্ছে। স্বাভাবিক অবস্থায় ফিরছে সার্বিক পরিস্থিতি। সম্প্রীতি সমাবেশ, পুলিশের উঠানবৈঠকসহ বিভিন্ন উদ্যোগে উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব এখনো কাটেনি। এর মধ্যে পুলিশ, বিজিবি, র্যা বের টহল অব্যাহত আছে। হরিণবেড় গ্রামে স্থাপন করা হয়েছে নতুন একটি পুলিশ ক্যাম্প।
গত শুক্রবার দিনভর উপজেলা সদরের বণিকপাড়া, দত্তপাড়া, ঘোষপাড়া, মহাকালপাড়া, নমশূদ্রপাড়া, গাংকলপাড়া, কাশিপাড়া এলাকা ঘুরে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িঘর মেরামত করছেন।
কথা হয় উপজেলা সদরের ব্যবসায়ী মুরাদ মৃধার সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন যেখানে দুই থেকে তিন হাজার টাকার কেনাবেচা করতে পারতাম, সেখানে এখন দু-তিন শ টাকা বিক্রি করতে পারি। কাপড় ব্যবসায়ী করিম মিয়াও বলেন, ‘ভাই আর কইয়েন না। প্রায় এক মাস ধইরা ব্যবসাডার অবস্থা হারাপ। এমন অবস্থা কয়দিন থাহে জানি না।’
৩০ অক্টোবর হামলার ঘটনায় সন্দেহভাজন জড়িত অথচ গ্রেপ্তার হননি এমন শতাধিক যুবককে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের ছবি ও নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। ওসি আবু জাফর বলেন, ভিডিও ফুটেজ দেখে এই ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তাঁদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরে এ হামলা চালানো হয়।