সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের চর কাউয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা থেকে আসা নাগরিক প্রতিনিধিদল। তারা যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেয়।

পারভেজ গাজী খুন এবং ১৫টি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেছেন, দুটি ঘটনারই তদন্ত চলছে।

চর কাউয়ার ঘটনা সরেজমিন পরিদর্শন করতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাসের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল গতকাল সকাল সাড়ে নয়টায় নিহত পারভেজ গাজীর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে। পরে তারা কালীখোলা গ্রামে গিয়ে পুড়িয়ে দেওয়া হিন্দু বাড়িঘরগুলো পরিদর্শন করে এবং স্থানীয় হিন্দু-মুসলমান সবার সঙ্গে কথা বলে।

প্রতিনিধিদলে ছিলেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন তারিক আলী, বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, সাংবাদিক সেলিম সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রকৌশলী সরদার আমিন, চলচ্চিত্রকার রাশেদ নাঈম ও আদিবাসী নেতা দীপায়ন খীসা।

প্রতিনিধিদলটি দুপুরে বরিশালে রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে। সভায় বিমল বিশ্বাস বলেন, ‘কেবল খেলাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা নয়। এর পেছনে কী কারণ আছে, সেটি খুঁজে বের করা উচিত। খুনের ঘটনার পর যেভাবে হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটাও বর্বরতা ছাড়া আর কিছু নয়। প্রশ্ন হলো, বৃহস্পতিবারের ঘটনার পর পুলিশ কী করল? পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিলে বাড়িঘর পোড়ানোর ঘটনা ঘটত না।’

নূর মোহাম্মদ তালুকদার বলেন, ‘আমরা সেখানে গিয়ে শুনেছি, পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য করছে। লোকজন আতঙ্কে আছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা শুধু তাদেরই গ্রেপ্তার দাবি করছি। অযথা যেন কাউকে হয়রানি করা না হয়।’

তারিক আলী বলেন, ‘চর কাউয়ার সম্প্রীতি ফিরিয়ে আনতে সেখানকার ছাত্রদের কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের উচিত হিন্দু বাড়িগুলোতে গিয়ে একটি করে ইট হলেও লাগানো। তাহলেই হয়তো ওরা তাদের কষ্টটা বুঝতে পারবে।’

সেলিম সামাদ বলেন, ‘সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করে। কাজেই যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত।’

স্থানীয় নাগরিকদের পক্ষে দেওয়া বক্তব্যে বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, ‘পুলিশের উচিত ছিল বৃহস্পতিবার রাতের ঘটনার পরই ব্যবস্থা নেওয়া। দুই গ্রামের মাঝখানের সেতুতে পুলিশ দাঁড়িয়ে থাকলেই আর এ ঘটনা ঘটত না।’ তিনি আরও বলেন, ‘কাজেই এই সহিংসতার জন্য আমি সবার আগে বন্দর থানার ওসি, এরপর পুলিশের বরিশাল দক্ষিণের উপকমিশনার এবং মহানগর পুলিশ কমিশনারের বিচার চাই।’

২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, বরিশালের পুলিশ কমিশনার জুয়ার অনুমতি দেন। তাঁর নানা কাজ প্রশ্নের জন্ম দিচ্ছে। তাঁকে বরিশাল থেকে না সরালে সমস্যার সমাধান হবে না।’ একই কথা বলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।

মতবিনিময় সভা শেষে আট দফা দাবি তুলে ধরেন রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ‘পারভেজ গাজীর নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, আগুনে ভস্মীভূত বাড়িঘরগুলো নির্মাণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, আগুন দেওয়ার পরিকল্পনকারীদের চিহ্নিত করতে হবে, অযথা যেন কেউ হয়রানির শিকার না হয়, পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার তদন্ত করতে হবে এবং এলাকায় সম্প্রীতি সমাবেশ করতে হবে।’

নাগরিক প্রতিনিধিদলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এ টি এম মুজাহিদুল ইসলাম বলেছেন, ‘পুলিশের কাছে মানুষের প্রত্যাশা বেশি। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষ এমন কথা বলে। তবে আমরা আমাদের কাজ ঠিকমতো করার জন্য সাধ্যমতো চেষ্টা করছি।’

মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনের কাছে তাঁর বিরুদ্ধে নাগরিকদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ চাইলে মন্তব্য করতেই পারেন। তবে আমরা যা করেছি সঠিক করেছি।’ পুলিশ সঠিক সময়ে ভূমিকা নিলে হিন্দুদের বাড়িঘরগুলো রক্ষা করা যেত—নাগরিকদের এমন দাবি সম্পর্কে তিনি বলেন, ‘পুলিশ কি গুলি করে মানুষ মারবে নাকি?’