ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে উঠানবৈঠক করেছেন পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। গতকাল রোববার বিভিন্ন মহল্লায় বৈঠকের পর সেখানকার শতাধিক বাসিন্দার হাতে পাহারার জন্য লাঠি ও বাঁশি তুলে দেন তিনি।
বেলা ১১টা থেকে উপজেলা সদরের গৌরমন্দির, জগন্নাথ মন্দির, কাশিপাড়া, গাংকলপাড়াসহ ১২টি মহল্লায় উঠানবৈঠক করেন সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষের কথা শোনেন। তিনি নাসিরনগরের শত বছরের ঐতিহ্য হিন্দু-মুসলমানের সম্প্রীতি বজায় রেখে আগের মতো একসঙ্গে চলার পরামর্শ এবং যেকোনো সমস্যায় পুলিশ প্রশাসন তাঁদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। পরে ওই সব মহল্লার বাসিন্দাদের হাতে পুলিশের পক্ষ থেকে পাহারার জন্য বাঁশের লাঠি, বাঁশি ও টর্চলাইট তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রমুখ।
এদিকে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিট। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গতকাল দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপমহাসচিব জাকারিয়া খালেদ। ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা সদর ও হরিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং ৭৯টি পরিবারের প্রতিটিকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এরপর আরও চার দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় ছয়টি মামলা হয়েছে।