
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ছিল বরিশালের চর কাউয়ার কালীখোলা গ্রাম। হিন্দু-মুসলমানরা পরস্পরের বাড়িতে যেত, ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কিন্তু খেলার সাথিদের ঝগড়ায় সেখানে রক্ত ঝরল, অশ্রু গড়াল। এরপর ১৫ হিন্দুবাড়িতে আগুন বদলে দিল চিরচেনা পরিবেশ।
খেলা নিয়ে বিরোধে বরিশাল বিএম কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র পারভেজ গাজী হত্যা ঘটনার তিন দিন পর গতকাল রোববার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছেন বাবা সেলিম গাজী। তবে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এখনো তারা নিজেদের বাড়িঘরে ফিরে যেতে পারেনি। অন্যের বাড়িতে রাত কাটাছে ১৫ পরিবারের ৮০ জন সদস্য।
ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ, স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পারভেজ গাজীর ছোট ভাই পাভেল গাজীর সঙ্গে পাভেল দাস ও সোহাগ দাসের খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই বৃহস্পতিবারের ঘটনাটি ঘটে। পাভেল দাস ও সোহাগ দাস—এই দুই ভাই মাস ছয়েক ধরে এই কালীখোলা গ্রামে নানার বাড়িতে থেকে কীর্তনখোলার পশ্চিমপাড়ে বরিশাল শহরে পড়াশোনা করছিলেন।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গুজব ছড়িয়ে ১৫টি হিন্দু পরিবারের বাড়িঘর ও মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিক ছিল না, ঘটনার সুযোগ নিয়ে পরিকল্পনা করেই পরদিন করা হয় বলে অনেকে সন্দেহ করছেন। ভুক্তভোগী ও স্থানীয় কেউ কেউ বলছেন, পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিলে এ ঘটনা ঘটত না। সম্প্রীতির গ্রামে অশ্রু আর আগুন দীর্ঘদিনের লালিত বন্ধনে চিড় ধরিয়ে দিয়েছে।
চর কাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বাধীনতার আগে-পরে চর কাউয়ায় কখনো কোনো সংখ্যালঘুর বাড়িতে হামলা হয়নি। এমনকি ২০০১ সালের নির্বাচনের পর বরিশালের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হলেও এখানে তা হয়নি। তিনি বলেন, ‘কিন্তু হঠাৎ করে সমবয়সীদের মধ্যে খেলা নিয়ে এমন ঘটনা ঘটতে পারে আমরা কখনো ভাবিনি। তবে গ্রামের হিন্দু-মুসলমান সবাই মিলে আমরা আবার পরিস্থিতি স্বাভাবিক করে ফেলতে পারব বলে আশা করছি।’
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘একজনকে খুন এবং একে কেন্দ্র করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া—দুটি ঘটনাই দুঃখজনক। তবে এলাকায় সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সম্প্রীতি বৈঠক অব্যাহত রাখছি।’
খেলার বন্ধুরা হঠাৎ অচেনা: বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত পারভেজ গাজীর ছোট ভাই পাভেল গাজীর সঙ্গে দুই ভাই সোহাগ দাস ও পাভেল দাসের খেলা নিয়ে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটে।
পাভেল গাজী বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। পাভেল দাসও সেখানে পড়তেন। আর সোহাগ দাস পড়তেন বরিশালের সিটি কলেজে। পাভেল ও সোহাগ দাসের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। কালীখোলায় তাঁদের নানাবাড়ি। বরিশালে পড়াশোনা করার জন্য মাস ছয়েক আগে তাঁরা নানাবাড়িতে এসে উঠেছেন।
পাভেল গাজী বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, চার-পাঁচ মাস আগে ফুটবল খেলা নিয়ে তাঁর সঙ্গে সোহাগ ও পাভেল দাসের ঝামেলা হয়। খেলার সময় তাঁকে মাঠে ফেলে দেন ওই দুই ভাই। এরপর অনেক দিন তিনি ওই দুই ভাইয়ের সঙ্গে মিশতেন না। বৃহস্পতিবার ছিল আশুরার রাত। সেদিন সন্ধ্যার পর পাভেল গাজী বাড়িতে মাইক লাগাচ্ছিলেন। গ্রামের রাজীব হোসেন এসে তাঁকে জানায়, সোহাগ ও পাভেল দাস তাঁকে ডাকছেন।
পাভেল গাজীর সঙ্গেই টেকনিক্যাল স্কুলে পড়ে রাজীব। সে সোহাগ দাস ও পাভেল দাসেরও বন্ধু।
পাভেল গাজী বলেন, রাজীবের কথায় তিনি চর কাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গেলেই পাভেল দাস তাঁর সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁকে ব্যাট দিয়ে মারধর শুরু করলে তিনি তাঁর চাচাতো ভাই জহিরুল ইসলামকে ফোন দিয়ে ঘটনা জানান। জহিরুল তাঁর বন্ধু সমীরচন্দ্রকে নিয়ে ঘটনাস্থলে আসেন।
জহিরুল ও সমীর সিটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়েন। পাভেল গাজী জানান, জহিরুল আসার পর তাঁকেও মারতে শুরু করেন পাভেল ও সোহাগ। জহিরুল তখন ফোন দেন তাঁর বন্ধু স্বপন শিকদারকে। এ সময় রাজীব ও সমীর ঘটনাস্থল থেকে চলে যায়। এর পরই পারভেজ গাজী (পাভেল গাজীর ভাই) ঘটনাস্থলে আসেন। একই সময়ে ঘটনাস্থলে আসেন পীযূষ ও ধীমান।
পাভেল গাজী বলেন, ‘ভাইয়া (পারভেজ) আসার পর আমি তাকে বলি, দেখো এই যে আমার রক্ত, সোহাগরা আমাকে মারছে। আমার ভাই এগিয়ে গেলে ওরা একটা চৌকাঠ দিয়ে ভাইয়াকে বাড়ি মারলে ভাইয়া মাটিতে পড়ে যায়। তারা দা দিয়ে কোপ দিলে ভাইয়ার গলায় কোপ লাগে। ধীমান এ সময় পাভেল দাসের কাছ থেকে দা নিয়ে জহিরুলের মুখে কোপ দেয়। একপর্যায়ে চিৎকার শুনে লোকজন এসে সবাইকে হাসপাতালে নেয়।’
পারভেজ বরিশাল ব্রজমোহন কলেজে হিসাববিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন। তাঁর পরিবারের সদস্যরা বলছেন, পারভেজ এলাকার কারও সাতে-পাঁচে থাকতেন না। শুধু ভাইকে বাঁচাতেই সেদিন তিনি স্কুলের মাঠে গিয়েছিলেন।
কেবলই খেলা নিয়ে এ ঘটনা, নাকি অন্য কোনো ঝামেলা আছে—এমন প্রশ্নের জবাবে পাভেল গাজী প্রথম আলোকে বলেন, ‘না, অন্য কোনো সমস্যা নেই।’
ঘটনার পর থেকে পাভেল দাস ও সোহাগ দাস পলাতক। তাঁদের মা মনিকা দাসও বাড়িতে নেই। তাঁদের নানা গণেশচন্দ্র দাস আগেই মারা গেছেন। গণেশচন্দ্র দাসের ভাই কার্তিক চন্দ্র দাসকে পাওয়া গেল বাড়িতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বরিশালে পড়াশোনা করতে পাভেল ও সোহাগ এখানে এসেছে। কিন্তু এখন তারা কোথায় আছে আমার জানা নেই।’
ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর একাধিক ব্যক্তিও মনে করেন, মূলত পাভেল ও সোহাগ দাসের কারণে এ ঘটনা ঘটেছে। কারণ এ দুজন গ্রামে আসার আগে কখনোই এভাবে এখানে মারামারি হয়নি।
ঘটনার পর থেকে পীযূষ, ধীমানও পলাতক। ধীমানকে না পেয়ে পুলিশ তাঁর বাবা ধীরেন্দ্র চন্দ্র হালদারকে গ্রেপ্তার করেছে। পীযূষের বাবা গোপাল চন্দ্র হালদার ও মা পূর্ণিমা রানী জানান, পীযূষ ঘটনা শুনে পরে মাঠে গিয়েছেন। তিনি দাবি করেন, এই গ্রামের হিন্দু-মুসলিম ছেলেরা সবাই পরস্পরের বন্ধু ছিল। সবাই সবার বাড়িতে আসা-যাওয়া করত। একই প্রাইমারি স্কুলে সবাই পড়েছে। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছে, খেলাধুলা করছে একসঙ্গে। কেবল পাভেল ও সোহাগ দাসই পড়ালেখার সুবাদে মাস ছয়েক আগে এই গ্রামে এসেছেন।
হামলাকারীরা চিহ্নিত হয়নি: ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর সদস্যরা অভিযোগ করেছেন, ঢাকায় চিকিৎসাধীন জহিরুলের মৃত্যুর গুজব ছড়িয়ে শুক্রবার সকালে তাঁদের বড়িঘরে হামলা চালানো হয়েছে। আর এ হামলায় গ্রামের লোকজনই অংশ নিয়েছে। তারা পেট্রল ও কেরোসিন নিয়ে এসেছে এবং তা দিয়ে বাড়িঘরগুলো পুড়িয়ে দিয়েছে।
হামলাকারী কারা—এমন প্রশ্নের জবাবে হিন্দু পরিবারগুলো কারও নাম বলতে রাজি হয়নি। তারা কেবল বলছে, পুলিশ সব জানে।
বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ২০ জনকে গ্রেপ্তার করলেও কারা এই হামলার নেতৃত্ব দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মুজাহিদুল ইসলাম বলেন, ‘সংখ্যালঘুদের বাড়িতে কারা হামলা চালিয়েছে, কারা ইন্ধনদাতা, আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করছি।’ মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা দুই পক্ষকেই মামলা দিতে বলেছি। কেন কেউ আসছে না, আমাদের জানা নেই।’
জানতে চাইলে নিহত পারভেজ গাজীর পরিবারের সদস্যরা বলেছেন, আগুনের ঘটনার সময় তাঁরা তো সবাই হাসপাতালে ছিলেন। গ্রামবাসী কেন হিন্দুদের বাড়িতে হামলা চালাল, কারা নেতৃত্ব দিল, সে বিষয়ে তাঁদের কিছুই জানা নেই।
বরিশাল জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘হত্যা ঘটনার পর সেখানে উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। পুলিশ যদি বৃহস্পতিবার রাতেই ওই এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করত, তাহলে এতগুলো বাড়িঘর পুড়ত না। যখন হামলার ঘটনা ঘটে, তখন সেখানে পুলিশের মাত্র চারজন সদস্য ছিলেন। তাঁরা ঘটনা থামানোর চেষ্টা করেছেন বলে মনে হয়নি।’
দিনে পোড়া ভিটায়, রাতে স্বজনদের বাড়িতে: আগুনে সর্বস্ব হারানো ১৫টি পরিবারের ৮০ জন সদস্য এখন দিনের বেলায় খোলা আকাশের নিচেই থাকছে। রাতে তারা চলে যায় আশপাশে স্বজনদের বাড়িতে।
আলো রানী, আরতি রানী হালদার ও চম্পা রানী হালদার জানান, তাঁরা স্বজনদের বাড়িতে উদ্বাস্তুর মতো রাত কাটাচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তাঁরা।
তবে পুলিশের উপকমিশনার এ টি এম মুজাহিদুল ইসলাম বলেন, ভয়ভীতি থাকার কোনো কারণ নেই। তাঁদের সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে একটি পুলিশ ক্যাম্পও করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শীতবস্ত্র, নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হয়েছে। একই সঙ্গে নিহত পারভেজ গাজীর পরিবারকেও সহযোগিতা দেওয়া হয়েছে। আর দ্রুত যেন পরিবারগুলোর ঘর তুলে দেওয়া যায়, সে জন্য স্থানীয় বিত্তবানদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
মামলা: পারভেজ গাজী হত্যার ঘটনায় তাঁর বাবার করা মামলায় সোহাগ দাস (২০), পাভেল দাস (১৯), ধীমান হালদার (২০) , পীযূষ হালদার (১৮), রাজীব হোসেন (১৬), রহিদাস পাল (৩০), সুমন দাস (২৩), সাগর দাস (২০), বিমল দাসসহ (৩৫) অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
থানায় না গিয়ে আদালতে কেন এ মামলা করলেন, সে বিষয়ে পারভেজ গাজীর পরিবারের কেউ কিছু বলতে রাজি হননি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আদালতে মামলা হয়েছে বলে শুনেছি। তবে মামলার কপি এখনো আমাদের হাতে আসেনি।’