সম্প্রীতির দেশ গড়ার আহ্বান
আন্তর্জাতিক অহিংস দিবসে সিলেটে গতকাল রোববার পদযাত্রা ও মানববন্ধন করে সম্প্রীতির স্বদেশ গড়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। পরে পদযাত্রায় অংশ নেন সবাই।
‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, এসো সম্প্রীতির স্বদেশ গড়ি’ স্লোগানে প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সুজন সিলেটের সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউস শামসের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন টিআইবির সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কৃষাণ সিংহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ আবু তালেব, হিউম্যান ডিফেন্ডার সংগঠক মুহিত লাল ধর, আদিবাসী ফোরাম সিলেটের সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রমুখ।