সম্প্রীতির নৌকাবাইচ
সেনাবাহিনীর নানিয়ারচর অঞ্চলের আয়োজনে রাঙামাটি নানিয়ারচর উপজেলার ছয়কুড়ি বিলে গতকাল সোমবার আন্তইউনিয়ন সম্প্রীতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বুড়িঘাট ইউনিয়ন দল।পরে নৌকাবাইচে অংশ নেওয়া দলগুলোকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা উপভোগ করেন বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ। বর্ণাঢ্য এ প্রতিযোগিতায় ছয়টি ইউনিয়নের ২২টি দল অংশ নেয়।সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন পুরস্কার বিতরণ করেন। তিনি উপস্থিত বাঙালি ও আদিবাসীদের উদ্দেশে বলেন, ‘সম্প্রতি রাঙামাটি ও কক্সবাজারের রুমাসহ বিভিন্ন এলাকায় যারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে, তারা মানুষ নয়। আমরা এ ধরনের ঘটনার নিন্দা জানাই।’ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন আরও বলেন, সাম্প্রদায়িক কোনো ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারে সেনাবাহিনী সব সময় তৎপর রয়েছে। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পাহাড়ি-বাঙালি জনগণের প্রতি আহ্বান জানান।নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রীতিময় চাকমা, সেনাবাহিনীর নানিয়ারচর অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মোহামঞ্চদ খালেদ কামালসহ সেনা কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের আদিবাসী ও বাঙালিরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।