সম্প্রীতির রাজনীতিতে হঠাৎ ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সম্প্রীতির রাজনীতিতে হঠাৎ করেই ভাঙন দেখা দিয়েছে। মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হকের সঙ্গে শাসক দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দূরত্ব বাড়তে শুরু করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অবসর চৌধুরীকে নিয়ে এই দূরত্ব তৈরি হয়েছে। রেলস্টেশন উন্নয়ন কমিটি ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে উভয় পক্ষ পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করছে। একে অপরকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মোজাহার আলী বলেন, ‘সম্প্রীতির রাজনীতির মাঠ এখন গরম, মাইকে মাইকে হচ্ছে প্রতিবাদ।’স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা সাংসদ নির্বাচিত হন। এরপর আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোকছেদ আলী মাস্টারকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হক। চলতি বছর আক্কেলপুর পৌরসভা নির্বাচনে বিএনপির সাংসদ মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী মেয়র নির্বাচিত হন। উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করতে না পারায় প্রথম দিকে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্রটা ছিল উল্টো। জানা গেছে, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক সর্বদলীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, ছমিরউদ্দিন মণ্ডল মুক্তমঞ্চ ও রেলস্টেশন উন্নয়ন কমিটি গঠন করেন। উপজেলার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ত করেন। কিন্তু ১৮ নভেম্বর উপজেলা যুবলীগ আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অবসর চৌধুরী উপজেলা চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি রেলস্টেশনের উন্নয়ন করেছেন তা অস্বীকার করি না। কিন্তু আপনি স্টেশনে ট্রেনের টিকিট চেকিংয়ের নামে লোকজনকে মারধর করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এটি আমরা সহ্য করব না। প্রয়োজনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে নিয়ে আপনাকে প্রতিরোধ করা হবে।’ এই বক্তব্যের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ২১ নভেম্বর শহীদ ছমির মণ্ডল মুক্তমঞ্চে রেলস্টেশন উন্নয়ন কমিটির ব্যানারে প্রতিবাদ সভা করেন। সভায় অবসর চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করা হয়। এ ঘটনার প্রতিবাদে অবসর চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আজ সোমবার (২৮ নভেম্বর) একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। এ ব্যাপারে দুই দিন ধরে মাইকিং হয়েছে। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ হাজার দলীয় নেতা-কর্মীর উপস্থিত করার ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। অবসর চৌধুরী বলেন, ‘যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের গঠনমূলক সমালোচনা করেছি। এ ঘটনায় রেলস্টেশন উন্নয়ন কমিটির ব্যানারে প্রতিবাদ সমাবেশ ডেকে উপজেলা চেয়ারম্যান আমাকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। তাই তাঁর প্রতিবাদ সমাবেশের বিরুদ্ধে আমি প্রতিবাদ সমাবেশ ডেকেছি।’ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। গত শনিবার দলীয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘অবসর চৌধুরী বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন। এ ছাড়া তিনি আমার বিরুদ্ধে কথা বলে উপজেলা আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে একটি শীর্ষ পদে আসতে চাইছেন। স্বেচ্ছাসেবক লীগের আজকের প্রতিবাদ সমাবেশের পর রেলস্টেশন উন্নয়ন কমিটি আগামী সোমবার একই স্থানে আবারও প্রতিবাদ সমাবেশ করবে।’উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী বলেন, ইউপি চেয়ারম্যান অবসর চৌধুরীর কারণে এখানকার সম্প্রীতির রাজনীতিতে দূরত্ব তৈরি হয়েছে।