সম্প্রীতির সংকল্প নিয়ে উদ্যাপিত হলো বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার মঙ্গল কামনা আর নতুন বছরে সাম্প্রদায়িক সম্প্রীতির সংকল্প নিয়ে গতকাল রোববার সারা দেশে বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

খ্রিষ্টধর্মমতে, দুই সহস্রাধিক বছর আগে এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেন।

বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের গির্জাগুলোতে শনিবার রাত থেকেই ছিল জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও ক্যারোলের আয়োজন করা হয়। লাল টুকটুকে পোশাক পরা সফেদ দাড়ি-গোঁফের বুড়ো সান্তা ক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দিয়েছেন মজার মজার উপহার।

গতকাল দুপুর ১২টায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় গিয়ে দেখা যায়, কেউ পরিবারের সঙ্গে কেউবা বন্ধুদের সঙ্গে গির্জায় এসেছেন। কেউ কেউ ছবি তুলছেন। এর আগে ভোর ছয়টা থেকে শুরু হয় কাকরাইল গির্জায় বড়দিন উদ্‌যাপন। যিশুর আগমনকে ঘিরে উপদেশ ও আলোচনার আয়োজন করা হয়।

বিকেল থেকে তেজগাঁওয়ের রানি জপমালার গির্জায় মানুষের ভিড় বাড়তে থাকে। গির্জার গেটের সামনে হলিক্রস কলেজ রোডে বসেছিল ছোটখাটো মেলা। গোপীবাগ থেকে পাঁচ বছরের ছোট্ট শ্রেয়াল মায়ের কোলে চড়ে এসেছে যিশুকে দেখতে। ওর মা জেনিফার প্রথম আলোকে বলেন, পুরোনো সব জঞ্জাল দূরে সরিয়ে নতুন বছরে মা মেরির আশীর্বাদ সবার মনে শান্তি বয়ে আনবে।

খ্রিষ্টধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষেরাও এসেছিলেন বিভিন্ন গির্জায়।

দিনটি উপলক্ষে বাড়িতে বাড়িতে তৈরি করা হয় কেক, পিঠাসহ সুস্বাদু খাবার। আপ্যায়ন করা হয় অতিথিদের।