সম্প্রীতির সংগীতসন্ধ্যা
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ও নেপালের শিল্পীদের নিয়ে দুই দেশের সম্প্রীতি সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মার্চ মাস ও নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি এই সংগীতসন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট লোকসংগীতশিল্পী গবেষক কলিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সংগীতানুষ্ঠানে নেপালের উচ্চাঙ্গ ও লোকসংগীতশিল্পী সুজাতা বর্মা এবং বাংলাদেশের লোকশিল্পী রত্না দত্ত দে সংগীত পরিবেশন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক এ কে এম শিবলী।
সাহিত্য একাডেমির পরিচালক অধ্যাপক মানবর্ধন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোরায়রাহ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর প্রমুখ।