সম্প্রীতির সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা রাষ্ট্র নির্বিশেষে বাঙালি অধ্যুষিত অঞ্চলসমূহে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সব সম্প্রদায়ের মধ্যে সুন্দর সম্প্রীতির পরিবেশের সৃষ্টি করে। বছরের চৈত্র মাসে বসন্তকালে বাসন্তী নামে পৃথিবীতে মা দুর্গা আবির্ভূত হন, যা হিন্দু সম্প্রদায় বাসন্তীপূজা হিসেবে আরাধনা করে থাকে। কিন্তু বাসন্তীপূজার আবেদন শরৎকালে অনুষ্ঠিত দুর্গাপূজার মতো ব্যাপক নয়।
এই শারদীয় দুর্গাপূজার প্রচলন শুরু হয় যখন রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে অকালবোধনের মাধ্যমে মা দুর্গাকে আবাহন করেন। তখন থেকেই শরৎকালে এই শারদীয় পূজার প্রচলন।
কথিত আছে, প্রায় ২০০ বছর আগে রাজশাহীর রাজা কংসনারায়ণ প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন। দুর্গাপূজা অতীতে রাজা-জমিদারেরা করে থাকতেন, যার মাসব্যাপী উৎসবের আমেজ ওই সব অঞ্চলের জনগণ উপভোগ করত। যেহেতু দুর্গাপূজা উৎসবের আঙ্গিকে একটি ব্যয়বহুল পূজা, সেহেতু প্রথমে শুধু রাজা ও জমিদারেরাই এই আয়োজন করতেন। দুর্গাপূজা পরবর্তী পর্যায়ে সবার অংশগ্রহণের মাধ্যমে সর্বজনীন উৎসব হিসেবে প্রতিষ্ঠিত হয়।
আজ দুর্গাপূজা সর্বজনীন রূপ পেয়েছে। তাই, শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার প্রায় দুই মাস আগে থেকে পূজার প্রস্তুতি লক্ষ করা যায় বিভিন্ন মন্দির, আশ্রম, সংগঠন, শহরে-বন্দর, জেলা-উপজেলা এমনকি প্রত্যন্ত গ্রামেও।
বাংলাদেশে শারদীয় উৎসবের পরিধি ও পূজামণ্ডপের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। স্বাধীনতার পর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা ছিল চার থেকে পাঁচ হাজারের মতো। এখন এই সংখ্যা কমবেশি ৩০ হাজার। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে। এর ফলে হিন্দুসহ সব ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-আচরণ ও উৎসবগুলো পালন করতে পেরেছে। কিন্তু ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলায় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে শঙ্কা ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। কিন্তু আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার পর সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বর্তমানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছে।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতির আলোকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানটিও জনপ্রিয়তা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলেই ১৯৮২ সালে প্রথম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজামণ্ডপ, পুরান ঢাকায় পূজামণ্ডপ ও ঢাকা রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ধর্মে ধর্মে সম্প্রীতির নতুন বন্ধন রচনা করেন। বর্তমানে সব দলের নেতা, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার লোকজন দুর্গোৎসবে যোগ দিচ্ছেন। এতে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে। দেশের বাইরে বাঙালি অধ্যুষিত অঞ্চলসমূহে শারদীয় দুর্গাপূজা উৎসবেও সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সৃষ্টি হচ্ছে সুন্দর সম্প্রীতির পরিবেশ।
মা দুর্গা দুর্গতিনাশিনী হিসেবে প্রতিবছর ভক্তদের সামনে আবির্ভূত হন। তিনি দশভুজা হিসেবেও পরিচিত। তিনি দশ হাতে সব দুঃখ, দৈন্য, অভাব, অনাচার, অবিচার, হিংসা, বিদ্বেষ থেকে মানুষকে মুক্তি দেবেন—এই প্রত্যাশা নিয়েই এই বছর মাকে বরণ করে নিচ্ছেন ভক্তরা।
এবার মা দুর্গা ঘোটকে চড়ে পৃথিবীতে এসেছেন এবং ঘোটকে চড়েই স্বর্গলোকে ফিরে যাবেন। দুর্গার পৃথিবীতে ঘোটকে চড়ে আসা শুভ নয়, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। তাই, ভক্তদের বিশেষ প্রার্থনা, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে যেন রক্ষা করেন। মায়ের কাছে আরও প্রার্থনা, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা নির্মূল করে বাংলাদেশ যেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করে।
স্বপন কুমার সাহা: সাংবাদিক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার