সম্প্রীতির স্বদেশ গড়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘মুক্তির উত্সব’-এ শিক্ষার্থীদের উচ্ছ্বাস । প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘মুক্তির উত্সব’-এ শিক্ষার্থীদের উচ্ছ্বাস । প্রথম আলো

‘তোমরা দেশকে ভালোবাসো?’
শিশু-কিশোরদের অতি প্রিয় এক মানুষের প্রশ্ন। কয়েক হাজার নবীনের কণ্ঠে ‘হ্যাঁ’ ধ্বনি মাইকের আওয়াজকে বহুগুণে ছাড়িয়ে যায়। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের জিজ্ঞাসা, ‘কতটুকু? এক কেজি? দশ কেজি? এক হাজার কেজি?’ হাসির রোল পড়ে যায় বিশাল প্যান্ডেলে। প্রশ্নকর্তা নিজেই উত্তর দেন, ‘আমরা জানি, তোমাদের এই ভালোবাসার কোনো তুলনাই হয় না। তোমরা দেশকে ভালো বেসে বেসে বড় হচ্ছ।’
গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘মুক্তির উৎসবে’ সারা দেশের কয়েক হাজার শিক্ষার্থী দেশকে ভালোবাসার শপথ নেয়। শপথ নেয় সম্প্রীতির স্বদেশ গড়ার। প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের স্মৃতি বহনের আর সত্য প্রতিষ্ঠার। শপথ পাঠ করান ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
সেই শপথের সঙ্গে কিছু স্বপ্ন গেঁথে দেন জাফর ইকবাল। তিনি বলেন, ‘ইউরোপ থেকে একসময় বাংলাদেশে শিক্ষার্থীরা পড়তে আসবে। তোমরা তাদের পড়াবে। তারা এ দেশে চিকিৎসা নিতে আসবে। তোমরা তাদের সুস্থ করে তুলবে।’ তিনি তাদের তাড়াতাড়ি বড় হয়ে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
শিক্ষক-শিক্ষার্থীদের পতাকা উত্তোলনের সঙ্গে ছায়ানটের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। নৃত্য পরিবেশন করে ধ্রুপদ কলাকেন্দ্র। সাংস্কৃতিক পরিবেশনার মাঝেমধ্যে চলতে থাকে আমন্ত্রিতদের বক্তৃতা, জাদুঘরের নির্মাণ তহবিলে অনুদান সংগ্রহ আর মুক্তিযুদ্ধের ইতিহাস-জাদুঘরের গল্প। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে..’ রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকের পরিবেশনায় গানটি হয়ে ওঠে শিক্ষার্থীদের আরেক অনুপ্রেরণা। পার্থ বড়ুয়া শোনান, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ফেরদৌস আরার কণ্ঠে ছিল ‘জন্ম আমার ধন্য হলো’। বিখ্যাত এসব শিল্পীর গানের ভিড়ে নিজেদের অংশগ্রহণও কম ছিল না। সিদ্দিক’স ইন্টারন্যাশনাল স্কুল, ইউসেপ স্কুল ও বাড্ডা আলাতুন্নেসা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। শহীদ বুদ্ধিজীবীদের তৃতীয় প্রজন্মের অংশগ্রহণে ‘বধ্যভূমির সন্তানদল’ সংগীত পরিবেশন করে।
উৎসবে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘর তোমাদের কাছে গেছে। এটা একটা মহৎ ও মহান দায়িত্ব। আমরা তো খরচের খাতায় উঠে গেছি। আমরা এ চেতনা ধরে রাখতে পারি না।’
নবীনদের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘তোমাদের দেশ গড়ার যুদ্ধ করতে হবে। এ যুদ্ধে কোনো অস্ত্র হাতে নিতে হবে না। শুধু প্রয়োজন মনের ইচ্ছা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে—সেটাই হোক প্রত্যয়।’
খেলার মাঠের প্রবেশ তোরণের এক পাশে মনীষীদের বাণী শোভা পায়। সামনে এগোলেই জাদুঘর। খেলার মাঠে জাদুঘর! হ্যাঁ, একাত্তরের ছবি আর সংবাদ নিয়ে আয়োজিত প্রদর্শনীই যেন হয়ে ওঠে একখণ্ড জাদুঘর।
‘আমাদের জাদুঘর আমরাই গড়ব’—কৌতূহল জাগানো স্লোগান চোখে পড়ে। উত্তর পাওয়া যায় উৎসব মঞ্চেই। আয়োজকেরা জানান, সবার টাকায় রাজধানীর আগারগাঁওয়ে গড়ে উঠছে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। সেখানে অংশ নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে শিক্ষার্থীদেরও। স্কুলের সবাই মিলে চাঁদা তুলে প্রধান শিক্ষকের মাধ্যমে জাদুঘরের জন্য প্রতীকী ইট কেনা যাবে। মাত্র ১০ হাজার টাকায়।
উৎসবে সবাই স্কুল ড্রেস পরে অংশ নেয়। মাথায় ছিল লাল-সবুজ রঙের টুপি। উৎসব শেষে ধুলোমাখা গায়ে যেন একটু ‘বড় হয়ে’ ওঠে তারা। দুপুরের মধ্যে শেষ হওয়া এ উৎসবে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকালীন ট্রাস্টিদের মধ্যে সারওয়ার আলী, মফিদুল হক, জিয়াউদ্দিন তারিক আলী উপস্থিত ছিলেন।