সম্প্রীতির 'মৈত্রী মোটর শোভাযাত্রা' ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা গতকাল ঢাকায় পৌঁছে। ছবিটি রাত নয়টার দিকে সোনারগাঁও হোটেল থেকে তোলা l প্রথম আলো
সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা গতকাল ঢাকায় পৌঁছে। ছবিটি রাত নয়টার দিকে সোনারগাঁও হোটেল থেকে তোলা l প্রথম আলো

সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা (ফ্রেন্ডশিপ মোটর র্যা লি) সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছেছে। গতকাল রোববার বিকেলে সোনারগাঁও হোটেলে পৌঁছার পর শোভাযাত্রায় থাকা প্রতিনিধিদলকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল—এই চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী মোটর শোভাযাত্রার পথচলা শুরু হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শনিবার দুপুরে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে মৈত্রী শোভাযাত্রা বাংলাদেশে প্রবেশ করে। শনিবার রাতে শোভাযাত্রাটি চট্টগ্রামে পৌঁছায়। শোভাযাত্রায় চার দেশের ৮০ জন প্রতিনিধি রয়েছেন।
গতকাল সকাল নয়টায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লুর বে-ভিউতে শোভাযাত্রার ২০টি গাড়ির ফ্ল্যাগ অফ (পতাকা নাড়িয়ে যাত্রা শুরুর সংকেত দেওয়া) করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল উপস্থিত ছিলেন। ফ্ল্যাগ অফের সময় শোভাযাত্রার প্রথম গাড়ির সামনে ভারতীয় রীতি অনুযায়ী একটি নারকেল ভাঙেন শোভাযাত্রায় থাকা সে দেশের একজন প্রতিনিধি।