সম্ভব হলে জুনের আগেই ডিসিসির ভোট: সিইসি
সম্ভব হলে আগামী জুন মাসের আগেই নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বৃষ্টি থেকে বাঁচতে জুনের আগেই নির্বাচন করার পক্ষে তারা। এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ছুটির ফাঁকে ভোট নেওয়ার কথা ভাবছে কমিশন। এখন পর্যন্ত দেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন না করার কোনো কারণ নেই বলে মনে করে ইসি।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ। পরে কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সিইসি বলেন, ‘সম্ভব হলে জুনের আগেই ভোট করে ফেলব।’
পরীক্ষার ব্যাপারটি বিবেচনা করা হবে বলে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন করতে পাঁচ দিন সময় লাগবে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসেই পরীক্ষার ফাঁকে ছুটি আছে। ওই ছুটির ফাঁকে নির্বাচন হতে পারে। এপ্রিলে নির্বাচন করতে হলে এ মাসেই তফসিল ঘোষণা করতে হবে বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর অন্তত ৩৭ দিন সময় হাতে রেখে ভোট গ্রহণের তারিখ ঠিক করা হবে।
জুন মাসে বৃষ্টির কথা মাথায় রেখে তার আগেই নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, ‘এর আগে চট্টগ্রামে জুন মাসে নির্বাচন হয়েছিল। তখন সব ভোটকেন্দ্র পানিতে ভেসে গিয়েছিল। তাই সম্ভব হলে জুনের আগেই ভোট করে ফেলব।’
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন বলে তিনি জানান। সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, দেশের পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভবিষ্যতে আরও উন্নতি হবে। নির্বাচন করতে কোনো সমস্যা হবে না। দেশে বিভিন্ন সময় যে হামলার ঘটনা ঘটছে, এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। প্রয়োজন হলে নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে বলে জানান কাজী রকিব উদ্দীন আহমেদ।
সিইসি জানান, শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে হরতাল, অবরোধের কারণে শুক্র ও শনিবারে পরীক্ষা নিতে হতে পারে। সে ক্ষেত্রে শুক্র ও শনিবার বাদ দিয়ে উপযুক্ত সময়ে ভোট গ্রহণের দিন নির্ধারণ করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের শিডিউল একসঙ্গে হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি। তিনি বলেন, কমিশন এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেবে।