
গ্যাস, চা-বাগানের মতো প্রাকৃতিক সম্পদের কমতি নেই সিলেটে। প্রবাসী-অধ্যুষিত হওয়ায় এখানে অর্থের সরবরাহটাও ভালো। আবার এই অঞ্চলের পাশেই ভারতের সাত রাজ্য। বিশাল এই বাজারে পণ্য রপ্তানির সুযোগ আছে। সব মিলিয়ে সিলেটে বিনিয়োগের অনেক সম্ভাবনা থাকলেও কাজে লাগানো যায়নি।
নিজস্ব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ: সিলেটের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। আলোচকেরা এ সময় বলেন, সিলেটে পর্যটন, পোশাকশিল্পের সংযোগ শিল্পকারখানা, হাওর-বাঁওড়ে মাছ উৎপাদনসহ বিভিন্ন খাতে বড় বিনিয়োগ হতে পারে। এ জন্য সরকারকে নীতি-সহায়তা দিয়ে এগিয়ে আসতে হবে।
সিলেটের সম্ভাবনা ও সমস্যার পাশাপাশি সেমিনারের আলোচনায় বাংলাদেশের আর্থসামাজিক খাতের অগ্রগতি, জাতীয় রাজনীতি ইত্যাদি বিষয় উঠে আসে। চলতি বছর সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চেম্বার মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতায় ছিল প্রথম আলো।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সেমিনারে অতিথি আলোচক ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী।
মূল বক্তব্যে অর্থনীতিতে দেশের বিভিন্ন ইতিবাচক অর্জন তুলে ধরেন মোহাম্মদ ফরাসউদ্দিন। অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ১৯৭২ সালে জিডিপিতে কৃষির অবদান ছিল ৫২ শতাংশ। এখন সেটি কমে ১৮ শতাংশ। এটি পুরোপুরি যদি শিল্পে যেত, তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হতো। তবে বেশি গেছে সেবা খাতে। তাই এখন শিল্পের দিকে বেশি নজর দিতে হবে।
দেশের সার্বিক অর্থনীতির ওপর আলোচনা করতে গিয়ে ফরাসউদ্দিন গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনকে অবিবেচনাপ্রসূত বলে উল্লেখ করেন। তিনি বলেন, অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস দিয়ে। এটি অপচয়। পৃথিবীর কোথাও এমনটি হয় না। এ ছাড়া ১০-১২ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয় গৃহস্থালিতে। অপছন্দের হলেও এটি বন্ধ করতে হবে। তা ছাড়া পরিবেশবাদীরা যেভাবে সোচ্চার হচ্ছেন, তাতে ১০ বছর পর সরকার আর কয়লা উত্তোলন করতে পারবে না। তাই যা করার, এখনই করতে হবে।
সিলেটের অর্থনীতি নিয়ে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সিলেটে বস্ত্র খাতের জন্য বড় বড় মিল করা যেতে পারে। তাহলে দারিদ্র্য বিমোচনের জন্য অন্য কোনো পদক্ষেপ নিতে হবে না। হবিগঞ্জের বাহুবলে সরকার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে। সেখানে বস্ত্রকল স্থাপনে সরকার যদি শূন্য থেকে ২ দশমিক ৫ শতাংশ ব্যাংক সুদে মূলধনি যন্ত্রপাতি আমদানি এবং ১০ বছরের জন্য কর অবকাশের সুযোগ দেয়, তবে সিলেটের ব্যবসায়ীরা বিনিয়োগে উৎসাহী হবেন। চলতি বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। বিষয়টি উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, ‘সিলেটে পর্যটনের আকাশচুম্বী সম্ভাবনা আছে। এটিকে উন্নয়ন করতে হবে।’
পরে সিলেটের ব্যবসায়ীরা বলেন, সিলেটে প্রায় সব কটি পর্যটন এলাকার সড়কের অবস্থা নাজুক। এ ছাড়া পর্যটকদের হয়রানি করা হয়। এগুলো বন্ধ করতে হবে, না হলে পর্যটকেরা আসতে চাইবেন না।
সিলেটের সম্ভাবনার বিষয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আলোচনায় অংশ নিয়ে বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদের আধার। পাথর, সিলিকা বালু, বাঁশ-বেত, হাওরের মাছ, চা-বাগান, নদী, পাহাড়, জলপ্রপাত—এই সম্পদ কাজে লাগানো গেলে সিলেটের পাশাপাশি দেশও এগিয়ে যাবে অনেক দূর। তিনি বলেন, সিলেটের পাশেই ভারতের সাতটি রাজ্য। ফলে বাজার কিন্তু তৈরিই আছে। এসবের কারণেও কলকারখানা স্থাপনে সম্ভাবনার দিক থেকে সিলেট এগিয়ে আছে।
চলতি বছরকে পর্যটন বর্ষ ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করে মতিউর রহমান বলেন, এ নিয়ে সিলেট চেম্বার কোনো উদ্যোগ নিলে প্রথম আলো সহায়তা করতে আগ্রহী।
আলোচনার একপর্যায়ে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, অনেক ঘটনা ও প্রাণক্ষয়েরÿপর রাজনীতিতে সুবাতাস বইছে। এটিকে শক্তিশালী করতে হলে দুটি ঘোষণা প্রয়োজন। এক. বিএনপিকে ঘোষণা দিতে হবে যে ২০১৯ সালে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। দুই. সরকারকেও সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি ঢেলে সাজানো হবে। এ সময় রাজনীতিতে একধরনের অস্বস্তি রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতির বিষয়ে ফরাসউদ্দিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মতিউর রহমান বলেন, রাজনীতিতে যে অস্বস্তি আছে, সেটি দূর করতে সরকার ও বিরোধী দলের দায়িত্ব আছে। তিনি বলেন, ‘যোগ্য লোকদের দিয়ে নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত হয়, তবে ভবিষ্যতে নির্বাচন নিয়ে সংঘাত-সংঘর্ষ থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’
এ বিষয়ে সুলতানা কামাল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ২০১৪ সালের নির্বাচন নিয়ে আইনগতভাবে কোনো প্রশ্ন তোলার অবকাশ নাই। নির্বাচনে কে আসবে, না আসবে, সেটি সম্পূর্ণ যারা নির্বাচন করছে, তাদের ব্যাপার। অন্য কারও সেখানে বলার কিছু থাকে না। কিন্তু এমন পরিবেশটাও তো আমাকে তৈরি করতেই হবে, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে সাধারণ মানুষ যদি মনে করতে না পারে, এটা আমার নির্বাচন, আমার নির্বাচিত মানুষ দিয়েই আমি দেশ পরিচালনার সুযোগ দেখতে পারছি।’
সুলতানা কামাল বলেন, ‘আমি বিশ্বাস করি, সরকারের নেতৃত্বে যাঁরা আছেন, তাঁদের সদিচ্ছা আছে গণতন্ত্র যাতে এখানে ফলপ্রসূ হয়। তবে অনেক সময় তা করতে পারেন না। কারণ, তাঁদের এমন এমন শক্তির ওপর নির্ভর করতে হয়, যারা চায় না গণতন্ত্র আসুক।’ তিনি আরও বলেন, দেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি দুর্বৃত্তরা প্রশ্রয় পায়। তবে তার চেয়েও বেশিÿক্ষতি হবে, যদি ভালো মানুষ চুপ থাকেন।
এ সময় তিনি হবিগঞ্জের একটি কারখানার দূষণ এবং সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। শিল্পায়নে নারীর অংশগ্রহণ ও উন্নয়নের ওপর জোর দেন এই মানবাধিকারকর্মী।
দেশে সুশাসনের অভাব আছে বলে মন্তব্য করেন প্রথম আলোর সম্পাদক। তিনি বলেন, ‘আমরা হয়তো দুর্নীতিমুক্ত হতে পারব না। তবে কমানো সম্ভব। একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছেন, দুর্নীতির কারণে বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ শতাংশ কম হয়। ধ্বংসের রাজনীতির জন্য ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয় না। আরেকটু বললে, খেলাপি ঋণ ঘুরেফিরে আবারও ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০১৩ সালে ৭৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা দিয়ে তিন-চারটি পদ্মা সেতু হয়ে যেত। এসব একবারে বন্ধ হবে না। তবে চেষ্টা ও উদ্যোগ থাকতে হবে। প্রধানত সরকারকে দায়িত্ব নিতে হবে। অন্যদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে বাংলাদেশের সম্ভাবনা আরও বেশি আকারে আমাদের কাছে দেখা দেবে।’
মুক্ত আলোচনায় সিলেটের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, চেম্বার নেতা ও সাংবাদিকেরা বিভিন্ন সমস্যা আর সমাধানের পথ তুলে ধরেন। চেম্বারের সাবেক সভাপতি এম এ মুমীন বলেন, সিলেট থেকে চট্টগ্রাম বন্দর অনেক দূর। শায়েস্তাগঞ্জ বা শ্রীমঙ্গলে একটি স্থলবন্দর করা দরকার, যেখান থেকে আমদানি ও রপ্তানিপণ্য খালাস হবে। আরেক সাবেক সভাপতি এম এ সালাম চৌধুরী বলেন, বর্তমানে ব্যাংক থেকে ১৩-১৪ শতাংশ সুদে ঋণ নিতে হয়। এত উচ্চ সুদে ঋণ নিয়ে কোনো শিল্পকারখানাই টিকে থাকতে পারবে না।
চেম্বারের আরেক সাবেক সভাপতি ফখরুদ্দীন আলমগীর বলেন, ‘আমাদের মূলধন, জমিসহ সবই আছে। কেবল উদ্যোগের অভাব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল আহমেদ বলেন, কিছু অ-অর্থনৈতিক (নন-ইকোনমিক) জটিলতা ও বাধার জন্য প্রবাসীরা বিনিয়োগ করেন না।
সেমিনারে আরও বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি তৌফিক রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোসলেউদ্দিন আহমেদ, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন কিবরিয়া, সিলেট উইম্যান চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, ব্যবসায়ী নজরুল ইসলাম, এম এ মান্নান, নাসিম হোসাইন, জয়নাল আবেদিন ও এহছানুল হক, সাংবাদিক আবদুল মালেক, মোহাম্মদ বেলাল প্রমুখ।