প্রাচীন বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক দুর্লভ নিদর্শন থাকার পরেও কুমিল্লায় গড়ে ওঠেনি কোনো পর্যটনকেন্দ্র। লালমাই ও ময়নামতি পাহাড় নিয়ে পর্যটন নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক এক সাংসদ। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এ অবস্থার মধ্য দিয়ে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে লালমাই পাহাড়ের ৫০ একর জায়গা নিয়ে একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় ওই প্রকল্প বাতিল হয়ে যায়। ২০১০ সালে কুমিল্লায় পর্যটন মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেটিও অর্থের অভাবে নির্মাণ করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমিল্লা-৮ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ নাসিমুল আলম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এক সভায় লালমাই পাহাড় ঘিরে পর্যটন নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ছয় বছরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
কুমিল্লার অন্তত ১০ জন ব্যক্তি জানান, লালমাই পাহাড়ের চণ্ডীমূড়া থেকে কোটবাড়ীর শালবন বিহার পর্যন্ত বিপুল পরিমাণ প্রত্নসম্পদ রয়েছে। এর মধ্যে কোটবাড়ী এলাকায় শালবন বিহার, রূপবান মূড়া, কোটালি মূড়া, আনন্দবিহার, রািনর বাংলোসহ ২৩টি পুরাকীর্তি রয়েছে। একই এলাকায় ময়নামতি জাদুঘর, বার্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বনকুটির ও লালমাই পাহাড়ে দর্শনীয় স্থান রয়েছে। লালমাই পাহাড় ও কোটবাড়ীতে দুটি পার্ক আছে। এ পাহাড়ের দক্ষিণ প্রান্তে চণ্ডীমূড়া মন্দির। পাহাড়ের টাল্লো টিলা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এ ছাড়া সদর দক্ষিণ উপজেলার রাজেশপুরে রয়েছে ইকোপার্ক। নানা প্রজাতির গাছগাছালি থাকায় ওই পার্ক দর্শনার্থীদের দারুণভাবে মোহিত করে।
স্থানীয় লোকজন আরও জানান, কুমিল্লা শহরের ধর্মসাগর, রানির দিঘি, নানুয়ার দিঘি, আমির দিঘি, লাউয়া দিঘি ও গোমতী নদীর পাড় ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে। এ শহরেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন ও শচীন দেববর্মনের বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মাহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত এখানকার আশ্রম ও কেটিসিসিএ এলাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, কুমিল্লায় বেড়াতে এলে একসঙ্গে বাঙািল সংস্কৃতির বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখার ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা। ঢাকার কাছের জেলা হওয়ায় এখানে পর্যটনকেন্দ্র করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে। বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য দেখার অনেক কিছু রয়েছে কুমিল্লায়। প্রাচীন আমল থেকেই কুমিল্লা একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদ ঘিরে পর্যটনকেন্দ্র হওয়া উচিত।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক জানান, কুমিল্লা নগরকে সুন্দর করার জন্য নানা ধরনের মহাপরিকল্পনা রয়েছে। নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর পাড়কে আরও আকর্ষণীয় করার জন্য সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, কুমিল্লায় পর্যটনকেন্দ্র করার জন্য উদ্যোগ নেওয়া হবে। অতীতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলোর নথি দেখে শিগগিরই কিছু একটা করার চেষ্টা করা হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শালবন বৌদ্ধবিহার দেখতে এ বছর ঈদুল ফিতরের সময় বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভিড় করেছিল। সরকার এখান থেকে দুদিনেই প্রায় পাঁচ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এ এলাকাকে ঘিরে পর্যটনকেন্দ্র হলে সরকার লাভবান হবে।