সম্ভাবনা সত্ত্বেও ধুঁকছে হাওরাঞ্চল
সম্ভাবনা আছে, কিন্তু নেই সেই সম্ভাবনা কাজে লাগানোর মতো কোনো সুযোগ-সুবিধা। তাই দেশের সাতটি জেলার ৪০টি উপজেলাজুড়ে বিস্তৃত হাওরাঞ্চলের প্রায় দুই কোটি বাসিন্দার আফসোসের শেষ নেই। তাদের দাবি, হাওরের সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারি পর্যায়ে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। হাওর এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মৎস্য আহরণ ও কৃষিকাজ হাওরাঞ্চলের মানুষের প্রধান পেশা। ভৌগোলিক প্রেক্ষাপটে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ব্যতিক্রম এ এলাকার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় দিনে দিনে কৃষকেরা চাষযোগ্য জমি হারাচ্ছেন। মৎস্যজীবীরাও ইজারা প্রথা প্রবর্তিত হওয়ার পর থেকে নানা বঞ্চনার শিকার হচ্ছেন। এতে করে এসব পেশাজীবী বাধ্য হয়ে বিকল্প পেশায় ঝুঁকছেন। ফলে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও ক্রমেই ধুঁকছে হাওরাঞ্চল। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার যুগিমারা গ্রামের সরকারি চাকরিজীবী সন্তোষ কুমার সরকার বলেন, ‘হাওর এলাকার ঐতিহ্য ও প্রাচুর্য ধীরে ধীরে বিলীন হতে চলেছে। নদী-খাল-নালা-জলাধার ভরাট হয়ে যাচ্ছে। এর প্রভাব এসে পড়ছে কৃষিজমিতে। ফলে হাওর এলাকার একমাত্র ফসল বোরো আবাদের খেত কমতে শুরু করেছে। এ অবস্থায় অতীতের মতো হাওরাঞ্চলে আর সেই পরিমাণে ধান উৎপাদিত হয় না।’ হাওর এলাকার মৎস্যজীবীরা জানান, অতীতে মৎস্যজীবীরা ভাসান পানিতে মাছ শিকার করতে পারতেন। এখন সেটা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ইজারা প্রথা চালু হওয়ার পর থেকে যদিও মৎস্যজীবী সংগঠনের নামে স্থানীয় প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়, তবে এসব সংগঠনের আড়ালে এলাকার প্রভাবশালী রাজনৈতিক মহল জড়িত থাকে। এতে করে প্রকৃত মৎস্যজীবীরাও বঞ্চিত হচ্ছেন। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘প্রকৃত জেলেদের হাতে বিল-খাল ইজারা না হলে এসব বিল-খালের সুষ্ঠু ব্যবহারও নিশ্চিত হয় না। তা ছাড়া জলমহালের সীমানা নির্ধারিত না থাকায় বর্ষা মৌসুমে ইজারাদারেরা ভাসান পানিতে জেলেদের মাছ শিকার করতে দেন না।’ একাধিক কৃষিজীবী, মৎস্যজীবী ও উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে আলাপ করে জানা যায়, হাওরের উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বেশ কয়েকটি নদী মরে যাওয়া থেকে শুরু করে জলজ প্রাণী বিলুপ্তি ও জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। এতে করে প্রাকৃতিক সম্ভাবনাময় একটি অঞ্চলের সব সম্ভাবনা ধীরে ধীরে নষ্ট হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাওরের প্রাচুর্য ও সম্ভাবনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতো।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—হাওর উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা। এটি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সামগ্রিক পরিকল্পনা নেওয়া দরকার। হাওরের অপার সম্ভাবনা কাজে লাগাতে পারলে দেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে।