সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষতা, সতর্কতার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কোন্নয়নে বেইজিংয়ের দিক থেকে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। চীনের এই বাড়তি আগ্রহের কারণে এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই আছে। এই সফর থেকে সুফল পেতে হলে দর-কষাকষির ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি বাংলাদেশকে দক্ষতার পরিচয় দিতে হবে।
গতকাল সোমবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত দেন।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ‘বাংলাদেশ-চায়না রিলেশনস: কানেকটিং দ্য টু ইকোনমিকস’ শীর্ষক আলোচনার আয়োজন করে। গোলটেবিল বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। শি জিনপিং দুই দিনের সফরে ১৪ অক্টোবর ঢাকায় আসছেন।
ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খানের সঞ্চালনায় বিনিয়োগ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস—বিস) রিসার্চ ফেলো মাহফুজ কবীর ও যোগাযোগ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান বিলিয়ার রিসার্চ অ্যাসোসিয়েট নুর মোহাম্মদ সরকার তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘চীনের প্রেসিডেন্টের সফরে যেসব প্রকল্প চূড়ান্ত করার কথা বলা হচ্ছে, সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। তাই এ নিয়ে আলোচনা সতর্কতার সঙ্গে করতে হবে। আমরা এ বিষয়ে কোনো ভুল করলে অনেক খেসারত দিতে হবে। কারণ, এ প্রকল্পের অর্থ আমাদের ফেরত দিতে হবে। শ্রীলঙ্কায় বৃহৎ দুটি প্রকল্পে চীনের অর্থায়নের কারণে তাদের বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। কাজেই বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা উচিত।’
মাহফুজ কবীর বলেন, চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা কমছে। এই বৈষম্য কমানোর লক্ষ্যে তিনি তৈরি পোশাকশিল্প খাতের আরও পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময়সূচি কমানো, চীনের রপ্তানিমুখী পণ্যের উৎপাদন বাংলাদেশে স্থানান্তরসহ বেশ কিছু সুপারিশ করেন।
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহানের মতে, চীনের প্রেসিডেন্টের সফর বাংলাদেশের প্রতি তাদের আগ্রহের বিষয়টি ইঙ্গিত করে। বাংলাদেশ যে পরিমাণ গ্রহণ করতে পারবে, চীন ততটুকু সহায়তা বাংলাদেশকে দেবে। চীনের নতুন দুটি উদ্যোগ—ওয়ান বেল্ট ওয়ান রোড এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে বাংলাদেশ অংশীদার হতে পারে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, প্রকল্প আলোচনার সময় নির্ধারিত শর্তাবলির বাইরে গিয়ে বাংলাদেশে বেশির ভাগ প্রকল্প বাস্তবায়িত হয় এবং এ কারণে প্রকল্প ব্যয় অস্বাভাবিক বেড়ে যায়। অস্বাভাবিক ব্যয় শুধু চীনের প্রকল্পগুলোর ক্ষেত্রে নয়, অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও ঘটে। আইনুন নিশাত উল্লেখ করেন, যমুনা সেতুর বাস্তবায়নের খরচ মাত্র ৫ শতাংশ বেড়েছিল। এ ধরনের বড় প্রকল্পের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রম।
বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘ওয়ান বেল্ট ওয়ান রোড বৃহৎ যোগাযোগ প্রতিষ্ঠার জন্য একটি ধারণা এবং আমরা এই বৃহৎ যোগাযোগে যোগদান করব কি না, সেটি আমাদের বিষয়। ওয়ান বেল্ট ওয়ান রোডে যোগ দিলে অন্য কোনো কানেকটিভিটি উদ্যোগে যোগ দিতে বাংলাদেশের কোনো বাধা নেই।
আলোচনায় আরও অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, ঢাকায় সিঙ্গাপুরের কনসাল ডেরিল লাউ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।