সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্লু ইকোনমি বা সাগর অর্থনীতির সম্ভাবনাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে হলে জাহাজ চলাচল, তেল-গ্যাস উত্তোলনের মতো বিভিন্ন খাতকে অগ্রাধিকার দিতে হবে। তবে সেই সম্ভাবনার পথে পর্যাপ্ত তথ্য, দক্ষ মানবসম্পদ, প্রযুক্তি ও যন্ত্রপাতির পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবের মতো কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
গতকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত সাগর অর্থনীতিবিষয়ক আন্তর্জাতিক কর্মশালার দুটি কর্ম-অধিবেশনে বক্তারা এ অভিমত দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীর একটি হোটেলে দুই দিনের এ কর্মশালার আয়োজন করেছে। প্রায় ২০টি দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা কর্মশালায় অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি সমুদ্র ও সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা বলেন, ‘ব্লু ইকোনমির ক্ষেত্রগুলোর সমন্বিত উন্নয়ন সাধনের জন্য বর্তমানে বাংলাদেশে যথাযথ পরিকল্পনা, উপযুক্ত জ্ঞান ও প্রযুক্তির ঘাটতি আছে। এ জন্য জীববিজ্ঞান ও সমুদ্রবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের নিবিড় গবেষণা চালিয়ে যাওয়া উচিত।’
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্য ও পশুসম্পদমন্ত্রী ছায়েদুল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি কর্মসূচির (এফএও) সহকারী মহাপরিচালক আর্নি ম্যাথিয়াসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের পরবর্তী কর্মপন্থা ঠিক করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। তবে প্রথম দিনের আলোচনার পর দেখা যাচ্ছে, শুধু অভিজ্ঞতা বিনিময় নয়, চীন, জাপানসহ কয়েকটি দেশ বাংলাদেশকে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
কর্মশালার প্রথম দিনে দুটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে টেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের বিষয়ে আলোচনা হয়। রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঞ্চালনায় এ অধিবেশনে গভীর সমুদ্রের খনিজ সম্পদ বিষয়ে জার্মানির হারমান কুডরাস; মৎস্য ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রবৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ে এফএওর সহকারী মহাপরিচালক আর্নি ম্যাথিয়াসেন, সাগর অর্থনীতি: মহাসাগরের জ্বালানির নতুন সম্ভাবনাময় খাত ও জৈবপ্রযুক্তি বিষয়ে নেদারল্যান্ডসের ইয়োহানেস গিল এবং বঙ্গোপসাগরের প্রেক্ষাপটে প্রযুক্তি ও উদাহরণ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রসন্ন কুমার।
আর্নি ম্যাথিয়াসেন বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিবেশসম্মত মৎস্য আহরণের ওপর গুরুত্ব দেন। নির্বিচারে মৎস্যসম্পদ আহরণ বন্ধের লক্ষ্যে তিনি আঞ্চলিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার কথা বলেন। এ ক্ষেত্রে এফএও বাংলাদেশকে সহযোগিতা দেবে বলে তিনি জানান।
ইয়োহানেস গিল এ পর্যন্ত সাগর অর্থনীতি নিয়ে ৪৮টি গবেষণার মাধ্যমে ২৬টি ক্ষেত্র চিহ্নিত করেছেন। তাঁর গবেষণা অনুযায়ী ইউরোপের উপকূলীয় দেশগুলো সাগর অর্থনীতি থেকে প্রতিবছর ৫০০ বিলিয়ন ইউরো আয় করতে পারে, যা তাদের মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ। তিনি বাংলাদেশের সাগর অর্থনীতির জন্য সম্পদ সম্পর্কে যথার্থ তথ্য-উপাত্ত সংগ্রহ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেন।