সম্ভাবনার দুয়ার খুলবে তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশ বা প্রায় সাড়ে পাঁচ কোটি তরুণ। সপ্তাহে অন্তত একটি দিন এদের ছোট-বড় সামাজিক কাজে লাগানো গেলে সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে। ইতিবাচকভাবে বদলে যাবে বাংলাদেশ। তাই আগামী প্রজন্মের শক্তির ওপর বিনিয়োগের পথ খুঁজতে হবে। সরকার কতটা প্রজ্ঞা আর সাহসিকতার সঙ্গে এ সিদ্ধান্ত নেবে, তার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। ‘বাংলাদেশ: আগামী প্রজন্ম’ শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। তরুণেরা দেশকে কীভাবে দেখছে? তরুণদের আশা-আকাঙ্ক্ষা বা উদ্বেগের বিষয়গুলো কী ইত্যাদি উঠে এসেছে এ প্রতিবেদনে।গতকাল শনিবার বিকেলে হোটেল শেরাটনে এ প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানেও বক্তারা তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। তরুণ নেতৃত্বকে আগামী দিনে ইতিবাচক পরিবর্তনে ক্ষমতার অংশীদার করতে বাংলাদেশসহ ১০টি দেশে এ ধরনের প্রতিবেদন তৈরির কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। এক বছর ধরে ১৫ থেকে ৩০ বছর বয়সের দুই হাজার ১৬৭ জন তরুণের সাক্ষাত্কারের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে। ড্যাটা ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা জরিপটি চালায়। জরিপে ৮৮ শতাংশ তরুণ জানিয়েছে, তারা সুখী কিংবা খুব সুখী। ৯৮ শতাংশই সমাজসেবায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। আর নিজের এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চায় ৯৫ শতাংশ তরুণ। তবে এদের মাত্র ৩০ শতাংশ এলাকার কাজের সঙ্গে যুক্ত। সামগ্রিকভাবে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেশ সঠিকভাবেই এগোচ্ছে, এমনটা মনে করে ৭০ শতাংশ তরুণ। অন্যদিকে তরুণদের ৯৪ শতাংশই জানে না, তাদের নিয়ে কোন কোন সংগঠন কাজ করে।‘বাংলাদেশ: আগামী প্রজন্ম’ জরিপে অংশ নেওয়া তরুণদের ৭৪ শতাংশই রাজনীতিতে আগ্রহী নয়। ৩৬ শতাংশ মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব ফেলছে ছাত্ররাজনীতি। আর ২৫ শতাংশ তরুণের মতে, ছাত্ররাজনীতি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত হওয়া উচিত।তরুণদের ৮৮ শতাংশ খুব সুখী কিংবা সুখী থাকলেও ৪১ শতাংশ বিদেশ যেতে আগ্রহী কেন? এমন প্রশ্নের উত্তরে তারা জানায়, বেশি আয়, পড়াশোনা আর দেশে পছন্দসই চাকরির অভাব, তাদের বিদেশের দিকে টানছে। মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একেবারে উল্টো ছবি পাওয়া গেছে। ৭৩ শতাংশ তরুণ মুঠোফোন ব্যবহার করলেও ৮৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে না।দেশের আগামী দিনের কথা বলতে গিয়ে আশা ও আশঙ্কার ছবি প্রকাশ পেয়েছে তরুণদের ভাবনায়। ৬৪ শতাংশ তরুণ মনে করছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার ৬০ শতাংশই মনে করছে, আগামী পাঁচ বছরে দুর্নীতি বাড়বে।বাংলাদেশের তরুণেরা কাকে তাদের জীবনের আদর্শ মনে করে? এমন প্রশ্নের উত্তরে এসেছে দুটি নাম—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জরিপের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘সাড়ে পাঁচ কোটি মানুষের মধ্যে এতটুকু আশা জাগাতে পারলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’তবে তরুণদের রাজনীতিবিমুখতার জবাবে মন্ত্রী বলেন, রাজনীতিকে দূরে ঠেলে দেবেন না। রাজনীতির মধ্যে কোনো ভ্রান্তি থাকলে সেটি বদলাতে হলে তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে। নিজেদের শক্তিকে নিয়োজিত করতে হবে বদলাতে হলে, ভালো চাইলে।ব্রিটিশ হাইকমিশনার স্টিভেন ইভান্স, এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শীলা তাসনিম হক, হাঙ্গার প্রজেক্টের আবাসিক পরিচালক বদিউল আলম মজুমদার, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর চার্লস নাটাল অনুষ্ঠানে বক্তব্য দেন।