সম্ভাবনার বাংলাদেশ : তিনজনের দুজনই উপার্জন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা চার কোটি ৭৬ লাখ। এরা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। আর বিশ্বে এখন তরুণ-তরুণীর সংখ্যা ১৮০ কোটি। এই তরুণেরাই বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে ও নেতৃত্ব দেবে।
জাতিসংঘ জনসংখ্যা প্রতিবেদন-২০১৪-এ এই তথ্য দিয়ে বলা হয়েছে, তাদের সহজাত অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাপী তরুণদের নিয়ে সম্ভাবনার কথা বলা হলেও অনেক ক্ষেত্রেই তাদের গুরুত্ব দেওয়া হয় না। এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। অন্যথায় যুবসমাজ বিপথগ্রস্ত হবে, অর্থনীতিকে বাধাগ্রস্ত করবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ‘জাতিসংঘ জনসংখ্যা প্রতিবেদন ২০১৪’ প্রকাশ করেছে। বার্ষিক এই প্রতিবেদনের এ বছরের প্রতিপাদ্য: ‘১৮০ কোটি কিশোর-কিশোরী, যুব জনগোষ্ঠীর শক্তি এবং ভবিষ্যতের রূপান্তর’। জাতিসংঘের সদস্য এমন অনেক দেশেই গতকাল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের এদেশি পরিচালক ও জনসংখ্যা বিশেষজ্ঞ ওবায়দুর রব প্রতিবেদনের মূল বিষয়বস্তু ও বাংলাদেশ পরিস্থিতি উপস্থাপন করে বলেন, বাংলাদেশের জনসংখ্যাকাঠামোতে এমন পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক উন্নতির সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। জনসংখ্যা বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা একে ‘পপুলেশন ডিভিডেন্ড’ বলছেন। এই পরিস্থিতিতে কাজ করা মানুষের সংখ্যা কাজ না-করা মানুষের চেয়ে বেশি থাকে। বাংলাদেশে এখন অন্যের উপার্জনের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কমে গেছে। প্রতি তিনজন মানুষের দুজনই উপার্জন করে। এই অবস্থা আরও ৩০ বছর চলবে।
ওবায়দুর রব বলেন, এই সময়ে যদি যুব জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন বিনিয়োগ না করা হয় তাহলে ‘পপুলেশন ডিভিডেন্ড’ থেকে বাংলাদেশ খুব বেশি লাভবান হতে পারবে না।
এবারের প্রতিবেদন অনুযায়ী, তরুণ জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতে (৩৫ কোটি ৬০ লাখ), এরপর চীনে (২৬ কোটি ৯০ লাখ)। অন্য যে দেশগুলোতে ১০ থেকে ২৪ বছর বয়সী জনসংখ্যা বেশি, তার মধ্যে আছে: ইন্দোনেশিয়া (৬ কোটি ৭০ লাখ), যুক্তরাষ্ট্র (৬ কোটি ৫০ লাখ) এবং পাকিস্তান (৫ কোটি ৯০ লাখ)। এর পরই আছে বাংলাদেশ (৪ কোটি ৭৬ লাখ)।
প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে। তাতে দেখা যায়, দেশের জনসংখ্যা এখন ১৫ কোটি ৮৫ লাখ। এ দেশে পুরুষের গড় আয়ু ৭০ বছর। নারীর গড় আয়ু পুরুষের চেয়ে এক বছর বেশি। অন্যদিকে দেশে এখন মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট) ২ দশমিক ২। এ দেশে ৩১ শতাংশ প্রসবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সহায়তা মেলে। প্রতি লাখ জীবিত জন্মে ১৭০ জন মায়ের মৃত্যু হয়। ১৫-৪৯ বছর বয়সী ৬৩ শতাংশ নারী জন্মনিয়ন্ত্রণের কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করেন।
প্রতিবেদনে যুব জনগোষ্ঠীর জন্য বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, কাজের সুযোগ বাড়ে এমন অর্থনৈতিক কর্মকাণ্ড, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থায় এবং মানবাধিকার সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
অনুষ্ঠানের শুরুতে ইউএনএফপিএর প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে জনসংখ্যাবিষয়ক আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ। বাংলাদেশের ভূমি খুবই অল্প, কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য অসাধারণ। তবে সাফল্যের পরও প্রতিবছর ২০ লাখ মানুষ জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে। তরুণ ও যুব জনগোষ্ঠী আকারে বড়। এদের জন্য কী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রতিবেদনে এ নিয়ে বলা হয়েছে, তরুণদের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তরুণেরা যে দক্ষতা ও জ্ঞান অর্জন করবে, তা বর্তমান অর্থনীতির সঙ্গে সংগতিপূর্ণ বা প্রাসঙ্গিক হতে হবে। শিক্ষা যেন তাদের উদ্ভাবক, চিন্তাবিদ বা সমস্যা সমাধানকারী হতে সক্ষম করে তোলে, সে বিষয়ে জোর দিতে হবে।
সভাস্থলে উপস্থিত কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিলের সদস্য রাহাতুল আশেকিন বলেন, উদ্যোক্তা হওয়ার শিক্ষা বাবা-মায়ের কাছ থেকেই সন্তানদের পাওয়া উচিত। আরেকজন অংশগ্রহণকারী বলেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে তরুণ জনগোষ্ঠী বেশি স্টাটাস দেয়। অনেকে রাজনীতি ঘৃণা করেন—এমন স্টাটাস দেন।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের যেকোনো সমস্যা সমাধানে রাজনীতিবিদেরাই সবার আগে এগিয়ে আসেন। তাঁদের ভূমিকা অনেক বড়। তবে রাজনীতি পরিচ্ছন্ন হলে, রাজনীতিতে হানাহানি বন্ধ হলে নিশ্চয়ই তরুণেরা রাজনীতির ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন।
১৩৬ পৃষ্ঠার প্রতিবেদনে বৈষম্য ও দুরবস্থার তথ্যও দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশ্বের প্রায় এক কোটি তরুণ এখনো স্কুলে যায় না। যারা যায় তাদের একটি বড় অংশের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়নি। উন্নয়নশীল দেশগুলোর ৬০ শতাংশ যুবক কর্মহীন অথবা স্কুলবিমুখ। এদের চাকরির সম্ভাবনা ক্ষীণ, যে কাজ তারা করে তা খুবই নিম্নমানের। ৫০ কোটিরও বেশি যুবক-যুবতী দিনে দুই মার্কিন ডলারের নিচে উপার্জন করে। প্রতিদিন ৩৯ হাজার বালিকার বিয়ে হচ্ছে, যাদের বয়স ১৮ বছরের নিচে। অধিকাংশ দেশই নিজস্ব আইন, নীতিমালা ও বিধিবিধানের সঙ্গে আন্তর্জাতিক চুক্তিগুলোর সমন্বয় করেনি।