সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন জোরদারের স্বার্থে নিজ নিজ দেশের সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগাতে হবে। ভুটানের রাজকীয় কার্যালয় তাশিছোদজংয়ে গতকাল শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বৈঠকে বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে রাজকীয় কার্যালয়ে পৌঁছালে ভুটানের ঐতিহ্যবাহী রীতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানমকে আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।
স্বাধীনতাযুদ্ধকালে ভুটানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হিসেবে ভুটানকে বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখা হয়।
রাষ্ট্রপতি ভুটানের রাজা জিগমে খেসার ও রানি জেতসান পেমাকে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি রাজকীয় পরিবারের নতুন সদস্য প্রিন্স জিগমা জিগমি নামগিয়েল ওয়াংচুকের জন্য শুভকামনা জানান। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর জন্ম হয়।
রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
ভুটানের জাতীয় পরিষদের স্পিকার লিওনপো জিগমে ঝাংপোও গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রশংসা করেন।
চার দিনের রাষ্ট্রীয় সফরে গত শুক্রবার ভুটানে গেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।