সম্ভাব্য এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী, দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে অপহূত টেলিটকের পাঁচজন কর্মীকে উদ্ধারে সেনাবাহিনী দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান আরও জোরদার করেছে। রাঙামাটি ও খাগড়াছড়ির সম্ভাব্য এলাকা ঘিরে রেখেছে তারা। গতকাল বৃহস্পতিবার মারিশ্যা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
৮ জুলাই বাঘাইছড়ির মারিশ্যায় একটি টাওয়ার নির্মাণের কাজ করার সময় রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী বি-টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। প্রথমে অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরে গত বৃহস্পতিবার খাগড়াছড়ির গোপন জায়গায় বি-টেকনোলজির প্রতিনিধির সঙ্গে বৈঠকে অপহরণকারীরা তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ফলে সমঝোতা বৈঠক ভেস্তে যায়। গত শুক্রবার অপহরণকারীরা সর্বশেষ ফোন করে টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করে। এর পর থেকে আর কোনো যোগাযোগ নেই।
জানা গেছে, অবিলম্বে অপহূত ব্যক্তিদের ছেড়ে দেওয়া না হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। তবে মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে আলোচনার পথও খোলা রাখা হয়েছে। অপহরণকারীদের সঙ্গে মধ্যস্থতাকারীদের দুদিনের সময়সীমা বেঁধে দিয়েছে পুলিশ প্রশাসন। আজ শুক্রবার সময়সীমা শেষ হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতার মাধ্যমে অপহূত ব্যক্তিদের মুক্তি দিতে গত বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পাহাড়ি নেতাদের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কোনো প্রতিনিধি ছিলেন না।
সেনাবাহিনীর খাগড়াছড়ি ব্রিগেডের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বি-টেকনোলজির পাঁচ সদস্যকে ইউপিডিএফ অপহরণ করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা তাঁদের নেতাদের বৈঠকে ডেকেছিলাম। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কেউ আসেননি। তাই আমাদের এখন কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ নেই।’
লে. কর্নেল কবির আরও বলেন, ‘সেনাবাহিনীর ২০টি দল পাহাড়ের সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। রাঙামাটির একটি পাহাড়ে অভিযান শেষ করেছি। অন্য পাহাড়গুলো আমাদের সেনাদল ঘিরে রেখেছে। অভিযানে বিজিবিও আমাদের সাহায্য করছে। অপহরণকারীদের পালানোর আর কোনো পথ নেই।’
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ‘বৈঠকে আমাদের আমন্ত্রণ করার বিষয়টি জানা নেই।’ আবার আমন্ত্রণ জানালে যাবেন কি না জানতে চাইলে নিরন বলেন, ‘যখন ডাকবে তখন ভেবে দেখব।’
এদিকে পাঁচজনকে উদ্ধারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন খাগড়াছড়ি জেলার তৃতীয় মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করছে। রাঙামাটির একজন অতিরিক্ত পুলিশ সুপার ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তা চার দিন ধরে কাজও করছেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আলোচনা ও সমঝোতার বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ আছে, এমন তৃতীয় মাধ্যমের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। শুক্রবার (আজ) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি। তা না হলে সেনাবাহিনীর সঙ্গে মিলে কঠোর পদক্ষেপ নেব।’
আটক দুই: গতকাল মারিশ্যা ইউনিয়নের বালুখালী গ্রাম থেকে লক্ষ্মীরাজ চাকমা (৩২) ও হ্লে কুমার চাকমা (৪৫) নামে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্র বাঘাইহাট জোন থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে।
দুই ব্যক্তিকে আটকের ঘটনার নিন্দা ও অভিযান বন্ধের দাবি জানিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ। গতকাল ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।