সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পঞ্চানন চাকমা নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই ইউপির সাবেক চেয়ারম্যান। পরিবারের দাবি, ১৩ মার্চ সন্ধ্যা ছয়টায় মুঠোফোনে পঞ্চানন চাকমার সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল।
২৭ মার্চ নানিয়ারচর সদর ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা দেওয়া বাধাগ্রস্ত করতে পঞ্চানন চাকমাকে অপহরণ করা হয়েছে বলে স্বজনেরা ধারণা করছেন। পঞ্চানন চাকমার ভবিষ্যৎ চিন্তা করে থানায় মামলা করা হচ্ছে না বলে তাঁরা জানান।
পঞ্চাননের স্ত্রী মনিকা চাকমা গতকাল সোমবার মুঠোফোনে বলেন, তাঁর স্বামী ১৩ মার্চ সকালে নানিয়ারচর সদর থেকে নৌপথে দুই কিলোমিটার পূর্বে সাপমারা গ্রামে যান। সেখানে ইউপির সাবেক সদস্য প্রভাত চাকমার বাড়িতে দুপুরের খাবার খান। ওই দিন সন্ধ্যা ছয়টায় স্বামীর সঙ্গে তাঁর মুঠোফোনে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর (পঞ্চানন) কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয় লোকজনের ধারণা, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির কারণে তাঁকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী অপহরণ করেছে। তবে ভয়ে এ বিষয়ে প্রকাশ্যে কেউ কোনো কিছু বলতে রাজি হননি।
পঞ্চানন চাকমার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা বলেন, তিনি আগামী ইউপি নির্বাচনে নানিয়ারচর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সে কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
শক্তিমান চাকমা আরও বলেন, পঞ্চানন চাকমা যে এলাকা থেকে অপহৃত হয়েছেন সেটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রভাবাধীন এলাকা। তবে ঘটনার সঙ্গে ইউপিডিএফের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি কোনো কিছু জানেন না বলে জানান।
অবশ্য ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা প্রথম আলোকে বলেন, ‘পঞ্চানন চাকমার নিখোঁজ হওয়ার সঙ্গে আমাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে আমাদের বলারও কিছু নেই।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, ‘আমরা এখনো পঞ্চানন চাকমার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি।’