সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় পরিকল্পনা
দেশে ভূমিকম্পের সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় একটি ‘কনটিনজেন্সি প্ল্যান’ (আকস্মিক ঘটনা মোকাবিলায় পূর্বনির্ধারিত পরিকল্পনা) তৈরি করা হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি)’ প্রকল্প থেকে এটি প্রণীত হয়েছে। এ পরিকল্পনায় সম্ভাব্য দুর্যোগকালে জাতীয় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ভূমিকা নির্ধারণ করা হয়েছে।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নয়টি আলাদা গ্রুপ (ক্লাস্টার) করে তাদের কার্যক্রম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ২০০৫ সালে জাতিসংঘ পাকিস্তানের কাশ্মীরে এই ‘ক্লাস্টার পদ্ধতি’ অনুসরণ করে সুফল পাওয়ার পর অন্যান্য দেশেও তা অনুসরণ করা হচ্ছে।
কার কী দায়িত্ব: পরিকল্পনা অনুযায়ী, গ্রুপ-১ সার্বিক তত্ত্বাবধান ও সব সংস্থার মধ্যে সমন্বয়ের কাজ করবে। এর নেতৃত্বে থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি)। দ্বিতীয় গ্রুপের নেতৃত্বে থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই গ্রুপের কাজ হবে অনুসন্ধান, উদ্ধার ও জঞ্জাল পরিষ্কার। এসব কাজের মধ্যে প্রাথমিক ও জরুরি মেডিকেল চিকিৎসা, মাঠপর্যায়ে দুর্গত মানুষকে চিহ্নিত ও উদ্ধার করা, আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানো প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে।
সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নেতৃত্বাধীন তৃতীয় গ্রুপের কাজ হবে নগর-শহরের জরুরি সেবা ব্যবস্থাগুলোর (যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ প্রভৃতি) পুনরুজ্জীবন এবং প্রকৃত ক্ষয়ক্ষতির সার্বিক নিকাশ করা। চতুর্থ গ্রুপের নেতৃত্বে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের কাজ হবে হাসপাতালগুলোর প্রস্তুতির পরিকল্পনা করা, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, শিশু-নারী ও অসুস্থ ব্যক্তিদের সেবার ব্যবস্থা করা, মহামারি প্রতিরোধের ব্যবস্থা প্রভৃতি। পঞ্চম গ্রুপের নেতৃত্বে থাকবে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। এর দায়িত্ব হবে দুর্গত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজনীয়তা জরিপ করে খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ।
নিরাপত্তা ও কল্যাণমূলক দায়িত্বে থাকবে বাংলাদেশ পুলিশের নেতৃত্বাধীন ষষ্ঠ গ্রুপ। নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষা করা ছাড়াও এই গ্রুপের কাজ হবে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের ব্যবস্থাপনা, এদের সম্পর্কে খোঁজখবর নেওয়া ও দেওয়া, দুর্যোগে স্থানচ্যুত মানুষ চিহ্নিত করা ও তাদের নিজ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ।
সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বাধীন সপ্তম গ্রুপের কাজ হবে আশ্রয়হীন মানুষ চিহ্নিত করে তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন ও এর ব্যবস্থাপনা, আশ্রয়কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংরক্ষণ। অষ্টম গ্রুপেরও নেতৃত্ব দেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো। এ গ্রুপের কাজ হবে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা। নবম গ্রুপের কাজ হবে সড়ক, রেল, বিমান ও সমুদ্রপথে পরিবহনব্যবস্থা চালু করা ও নির্ঝঞ্ঝাট রাখা। এ গ্রুপের দায়িত্বে থাকবে বিআরটিএ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রেলওয়ে।
প্রতিটি গ্রুপের সঙ্গে সহায়ক হিসেবে আছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যেমন: ইউএনডিপি, ইউএনআরসি, আইএফআরসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউএনএইচসিআর, আইওএম প্রভৃতি।
এ ছাড়া ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনার সঙ্গে সরকারি-বেসরকারি প্রায় অর্ধশত প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে। ওপরে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্যগুলো হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি, ওয়াসা, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের কার্যালয়গুলো, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, এফবিসিসিআই, বিজিএমইএ, রিহ্যাব, মোবাইল ফোন কোম্পানিগুলো, গণমাধ্যম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, অক্সফাম জিবি বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড, অ্যাকশন এইড বাংলাদেশ ও বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার ও দেশি-বিদেশি আরও কিছু বেসরকারি সংস্থা।
সামর্থ্য বৃদ্ধির কার্যক্রম: এই নয়টি গ্রুপের সামর্থ্য বৃদ্ধির (ক্যাপাসিটি বিল্ডিং) জন্য কিছু কার্যক্রম নেওয়া হয়েছে। যেমন, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে বর্তমান সামর্থ্য আরও বাড়াতে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ৭০ কোটি টাকার ভারী যন্ত্রপাতি কিনেছে। আরও ১৬০ কোটি টাকার কেনাকাটা প্রক্রিয়াধীন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের জন্য অনেক বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) উদ্যোগে শহরাঞ্চলে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিডিএমপির সাবেক জাতীয় বিশেষজ্ঞ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, বিদ্যালয় পর্যায়ে সচেতনতা ও প্রশিক্ষণের জন্য সিডিএমপি থেকে ১০০টি স্কুলে ‘স্কুল সেফটি অ্যান্ড ইভকুয়েশন ড্রিল’ করার যন্ত্রপাতি কিনে দেওয়া হয়। এটা সব স্কুলে দিতে হবে। নির্মাণ বিধিমালা দেশের প্রতিটি শহরে কার্যকর করতে হবে। দুর্যোগ মোকাবিলায় এগুলো খুবই জরুরি ও কার্যকর।