সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার উৎসবকে কাজে লাগিয়ে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আগাম প্রচারণা চলছে।

এসব প্রার্থী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শহরের অলিগলিতে পোস্টার-ব্যানার টাঙিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থক দুজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পোস্টার-ব্যানার টাঙানোর পাশাপাশি ভোটারদের মুঠোফোনে খুদে বার্তাও দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের রেলগেট, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে, হাসপাতাল গেট, রেলস্টেশন, আমুট্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল, পুরাতন বাজার তিন মাথার মোড়সহ প্রতিটি ওয়ার্ডে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পোস্টার দিয়েছেন। প্রার্থীরা ব্যানার ও পোস্টারে স্বামী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছবি দিয়েছেন এবং নিজেদের রাজনৈতিক ও সামাজিক পদপদবিও তুলে ধরেছেন। একজন কাউন্সিলর প্রার্থী পোস্টারে তাঁর ১০টি পদবি থাকার কথা উল্লেখ করেছেন।

শহরের ১০-১২ জন বাসিন্দা বলেন, আগামী বছরের শুরুতেই সারা দেশের পৌরসভাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে—পত্রপত্রিকায় এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর এখানকার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। তাঁরা ঈদ উৎসবকে ঘিরে ঘরে ফেরা লোকজনের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী পৌর এলাকার বিভিন্ন মহল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য টাকাপয়সা দিয়েছেন। এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরছেন ও ভোট চাইছেন।

ঈদের আগের দিন রাতে সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ মুঠোফোনে খুদে বার্তায় তাঁদের ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন। একই সঙ্গে তাঁরা খুদে বার্তায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের পক্ষে ভোটও চেয়েছেন। পৌরসভার প্রায় প্রতিটি ভোটারই এ রকম খুদে বার্তা পেয়েছেন বলে জানা গেছে।

বর্তমান পৌর মেয়র বিএনপির নেতা আলমগীর চৌধুরী ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর বিএনপির নেতা রেজাউল করিম, আবদুর রহিম মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় সমর্থিত প্রার্থী থাকবে। এ ক্ষেত্রে দলের স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ওপর গুরুত্ব দেওয়া হবে। আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি (একাংশ) কামরুজ্জামান কমল বলেন, পৌরসভা নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থী থাকবে।